প্রতিষ্ঠার দুই বছর পেরিয়ে গেলেও কুমিল্লা সিটি করপোরেশনে জনবল বাড়েনি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তিন দফা জনবলকাঠামোর প্রস্তাব পাঠানো হলেও তা এখনো অনুমোদন হয়নি। গুরুত্বপূর্ণ পদগুলোতে লোক না থাকায় প্রতিষ্ঠানটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। নগরের পাঁচ লাখ বাসিন্দা নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
কুমিল্লা সিটি করপোরেশন সূত্র জানায়, ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা পৌরসভার ১৮টি ওয়ার্ড ও সদর দক্ষিণ পৌরসভার নয়টি ওয়ার্ড একীভূত করে কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠা করা হয়। ২০১২ সালের ৫ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন হয়। ওই নির্বাচনের পর সিটি করপোরেশনের পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তিনবার জনবল চেয়ে আবেদন করা হয়। সর্বশেষ গত ২১ আগস্ট স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে জনবল চেয়ে আবেদন পাঠানো হয়।
জানা যায়, কুমিল্লা সিটি করপোরেশনে বর্তমানে ১২৭ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। আগে উভয় পৌরসভা মিলে পদ ছিল ৪৩৪টি। পৌরসভা বিলুপ্ত হওয়ার পর নতুন করে জনবল-কাঠামো করা হয়নি। পুরোনো হিসেবে ৪৩৪টি পদের ৩০৭টিই বর্তমানে খালি।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াদুদ বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কুমিল্লা সিটি করপোরেশনের জন্য এক হাজার ২৬২ জন লোক চেয়ে আবেদন করা হয়েছে। নগর ভবনের জন্য ৫৭২ জন, সিটি করপোরেশনের তিনটি অঞ্চলের জন্য ২৩০ জন করে ৬৯০ জন লোক চাওয়া হয়েছে। নগর উন্নয়নের জন্য সিটি করপোরেশনকে তিনটি অঞ্চলে ভাগ করা হয়েছে। ‘ক’ অঞ্চলে ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড, ‘খ’ অঞ্চলে ১০ থেকে ১৮ নম্বর ওয়ার্ড ও ‘গ’ অঞ্চলে ১৯ থেকে ২৭ নম্বর ওয়ার্ড রাখা হয়েছে।
নগর ভবনের কর্মকর্তাদের অভিযোগ, কুমিল্লা সিটি করপোরেশন হলেও এখানে নগর পরিকল্পনা বিভাগ নেই। ওই বিভাগে প্রধান নগর পরিকল্পনাবিদ, নগর পরিকল্পনাবিদ ও স্থপতির পদ তৈরি হয়নি। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক বলেন, ‘তিনবার জনবল চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। সেখান থেকে লোকবল নিয়োগের অনুমোদন পাওয়া যায়নি। এতে করে নগরের সার্বিক কার্যক্রম চালাতে বেগ পেতে হচ্ছে।’