জনবল-সংকট, স্বাস্থ্যসেবা ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনবল-সংকটে নড়াইলের তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রগুলোতে চিকিৎসক না থাকায় রোগীরা যথাযথ সেবা পাচ্ছেন না।
সিভিল সার্জন ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ৩৯ ইউনিয়নের মধ্যে ৩০টিতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র এবং সাতটিতে উপস্বাস্থ্যকেন্দ্র আছে। কালিয়া উপজেলার সালামাবাদ ও পাঁচগ্রাম ইউনিয়নে কোনো স্বাস্থ্যকেন্দ্র নেই। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রগুলো দেখভালের দায়িত্ব পরিবার পরিকল্পনা অধিদপ্তরের। সাতটি উপস্বাস্থ্যকেন্দ্র দেখভালের দায়িত্ব সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য বিভাগের।
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে একজন চিকিৎসা কর্মকর্তা, একজন উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা (ডিপ্লোমা), একজন ভিজিটর, একজন ফার্মাসিস্ট, একজন আয়া ও একজন নৈশপ্রহরী কাম পিয়নের পদ রয়েছে। কিন্তু কেন্দ্রগুলোতে কোনো চিকিৎসা কর্মকর্তা কর্মরত নেই। ১৩টি ইউনিয়নে উপসহকারী চিকিৎসা কর্মকর্তা, ২৮টি ইউনিয়নে ফার্মাসিস্ট, ১৭টিতে নৈশপ্রহরী কাম পিয়ন ও ১১টিতে আয়ার পদ শূন্য। এদিকে পাঁচটি ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা কর্মকর্তা নেই। জয়নগর ও ইতনা ইউনিয়নে একজন করে উপসহকারী চিকিৎসা কর্মকর্তা ও পিয়ন আছেন।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, লোহাগড়ার শালনগর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে কোনো চিকিৎসক নেই। রুনা খাতুন নামের একজন ভিজিটর থাকলেও তিনি নিয়মিত বসেন না বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে জানতে চাইলে রুনা খাতুন বলেন, তাঁকে শালনগর ও কাশিপুর দুটি ইউনিয়নের দায়িত্ব পালন করতে হয়।
সিভিল সার্জন তারেক মোহাম্মদ শফি ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নড়াইলের উপপরিচালক এস এম জাফরি বলেন, শূন্য পদে জনবল নিয়োগের জন্য সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।