জনবল সংকটে জামালপুর নার্সিং ইনস্টিটিউট
জনবল সংকটের কারণে নতুন চালু হওয়া জামালপুর নার্সিং ইনস্টিটিউট পরিচালনায় বিঘ্ন ঘটছে। জরুরি জনবল নিয়োগের আবেদন জানালেও তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসেনি। ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, জামালপুর নার্সিং ইনস্টিটিউটে ৩০ আসনবিশিষ্ট তিন বছর মেয়াদি নার্সিং ডিপ্লোমা কোর্সের প্রথম ব্যাচের ক্লাস শুরু হয় ফেব্রুয়ারি মাস থেকে। জামালপুর জেনারেল হাসপাতালের পাশে এটি স্থাপিত হয়েছে। সম্পূর্ণ নতুন ভবন হওয়ায় সেখানে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের আবাসন, শ্রেণীকক্ষ, পানি, বিদ্যুৎ ও গ্যাসের কোনো সমস্যা নেই। শুধু জনবল সংকটের কারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতিষ্ঠান পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে। প্রতিষ্ঠানটিতে ১১টি পদসহ ছয়টি পদ শুরু থেকেই শূন্য রয়েছে। জানা গেছে, প্রতিষ্ঠানটিতে চারজন প্রশিক্ষকের মধ্যে দুটি পদ, একজন করে ক্যাশিয়ার, প্রধান সহকারী, হাউসকিপার এবং এমএলএসএস পদ শূন্য রয়েছে। এ জন্য প্রতিষ্ঠানটির ইনচার্জ মোমেনা বেগমকে শ্রেণীকক্ষে এবং ব্যবহারিক ক্লাসে পাঠদানসহ কয়েকটি পদে একাই দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে শ্রেণীকক্ষে পাঠদানসহ প্রশাসনিক সব কাজে বিঘ্ন ঘটছে।এ প্রসঙ্গে ইনচার্জ মোমেনা বেগম প্রথম আলোকে বলেছেন, ‘জনবল সংকটের কারণে আমাকে ক্লাসও নিতে হচ্ছে, প্রশাসনিক ও দাপ্তরিক অনেক কাজও আমাকেই করতে হচ্ছে। শূন্য পদগুলো পূরণ করা খুবই জরুরি। আমি নার্সিং ইনস্টিটিউটের মহাপরিচালকের কাছে জনবল চেয়ে চিঠি পাঠিয়েছি। কিন্তু আজও শূন্য পদগুলো পূরণ করা হয়নি।’