জনবল-সংকটে দিনাজপুর মেডিকেলের অচলদশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবা। ৫০০ শয্যার এ হাসপাতালের বহির্বিভাগের জন্য কোনো চিকিৎসক নেই। টেকনিশিয়ানের অভাবে রোগ নির্ণয়ের জন্য এক্স-রে, আলট্রাসনোগ্রাম, ইকো, ইটিটিসহ বিভিন্ন পরীক্ষা বন্ধ। রক্ত পরিসঞ্চালন বিভাগ বন্ধ। অথচ রোগ নির্ণয়ের কোটি কোটি টাকা দামের যন্ত্রপাতি অব্যবহূত পড়ে আছে।হাসপাতালের মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন আছিমন বেওয়া (৬৫) বলেন, ‘বাপু, হারা গরিব; টাকা নাই। কিলনিকত গেইলে অনেক টাকা লাগিবি। বাধ্য হই সরকারি হাসপিটালত আইছি। কিন্তুক এই নয়া হাসপিটালটা খাই-দাই, শুতি থাকিবার জইন্যে খুবে ভালো, চিকিৎসার তনে নাহে।’ আছিমনের কথায় সায় দিয়ে একই ওয়ার্ডের রোগী সন্ধ্যা রাণী (৫৫) বলেন, ‘ঔষধ-গজ, ব্যান্ডিজ তামান কিনিবা হচে, মানে হামার গরিব মানুষের মরণ তামানঠেনা।’হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালে ১০০ শয্যার সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করে অস্থায়ীভাবে মেডিকেল কলেজ হাসপাতালের যাত্রা শুরু। এরপর এটিকে ৫০০ শয্যায় উন্নীত করে শহরে দিনাজপুর মেডিকেল কলেজের পাশে একটি বিশাল ভবনে স্থানান্তর করা হয়। গত বছরের অক্টোবরে হাসপাতালে বহির্বিভাগের কার্যক্রম শুরু হয়। এরপর একে একে হাসপাতালে মেডিসিন, সার্জারি, স্ত্রী-রোগ, শিশু, ডেন্টালসহ বিভিন্ন ইউনিট ও ওয়ার্ড চালু হয়।হাসপাতালের সহকারী পরিচালক এম বি এম ইকবাল বলেন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জনবল কাঠামো বছর খানেক আগে মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু ওই কাঠামোর বিষয়ে যৌক্তিকতার প্রশ্ন তুলে গত এক বছরে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চার দফা চিঠি আসে। সময়মতো প্রতিটি চিঠির উত্তর দেওয়া হয়। কিন্তু জনবল কাঠামো অনুমোদিত হয়নি।জনবল কাঠামো অনুমোদন না হওয়ার কারণে সমস্যা বেড়েই চলেছে।হাসপাতালের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা গেছে, ৫০০ শয্যার একটি মেডিকেল কলেজ হাসপাতালের জন্য অন্তত ১৮২ জন চিকিৎসক থাকার কথা। এখানে আছেন ১০০ জন। ৩০০ জন সেবিকার জায়গায় ৯০ জন এবং তৃতীয় শ্রেণীর ১০০ জন কর্মচারীর জায়গায় আছেন ৩২ জন। চতুর্থ শ্রেণীর ৪৫৫ কর্মচারী দরকার; কিন্তু আছেন ৪৪ জন। ১০ জন রেজিস্ট্রারের জায়গায় আছেন সাতজন।হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক জহুরুল ইসলাম গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, বহির্বিভাগ, জরুরি বিভাগ, ডেন্টাল, প্যাথলজি, রেডিওলজি ও রক্ত পরিসঞ্চালন বিভাগে কোনো চিকিৎসক নেই। অন্তর্বিভাগে কর্মরত চিকিৎসকদের পালাক্রমে দায়িত্ব দিয়ে বহির্বিভাগ চালু রাখা হয়েছে।তিনি আরও বলেন, ‘হাসপাতাল ভালো নেই। তাই মনও ভালো নেই। এত সমস্যা নিয়ে চলা যায় না। কথায় আছে—সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা। আমার হয়েছে সেই দশা।’ এর পরও যতটা সম্ভব মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক, সেবিকা, কর্মকর্তা-কর্মচারী ও টেকনিশিয়ানরা অনেক শ্রম দিচ্ছেন।