জনবল-সংকটে পরিবার পরিকল্পনা কার্যক্রম স্থবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনবল-সংকট, মাঠপর্যায়ে সঠিক ও কার্যকর তদারকি-তৎপরতা না থাকায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সরকারের পরিবার পরিকল্পনা কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এখানে গুরুত্বপূর্ণ অনেক পদ দীর্ঘদিন ধরে শূন্য। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদ তিন বছর, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার একটি পদ পাঁচ বছর, সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তার পদ পাঁচ বছর এবং চিকিৎসা কর্মকর্তার (এমসিএইচএফপি) পদ তিন বছর ধরে শূন্য। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদে অতিরিক্ত দায়িত্ব হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন মতলব উত্তর উপজেলার সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ ত ম বোরহান উদ্দিন।সূত্র আরও জানায়, পরিবার কল্যাণ পরিদর্শকের (এফডব্লিউভি) নয়টি পদের মধ্যে চারটি তিন বছর ধরে শূন্য। ফার্মাসিস্টের সাতটি পদই সাত বছর ধরে শূন্য। পরিবার পরিকল্পনা পরিদর্শকের (এফপিআই) আটটি পদের মধ্যে দুটি পাঁচ বছর, পরিবার কল্যাণ সহকারীর (এফডব্লিউএ) ৫০টি পদের চারটি পাঁচ বছর, উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তার (সাকমো) সাতটি পদের পাঁচটি দুই বছর ধরে শূন্য। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় এবং এর আওতাধীন পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ৮৫টি পদের মধ্যে ২৬টি পদ দীর্ঘদিন ধরে শূন্য।উপজেলার উদ্দমদী গ্রামের রিকশাচালক বিল্লাল হোসেন বলেন, ‘মাইনষের তন পরিবার পরিকল্পনার কথা হুনছি। তয় হেরা কেউই আমার কাছে আইয়ে নাই। বাচ্চা কম নেওনের কতাও কেউ কয় নাই।’ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার কার্যালয়ের দেওয়া তথ্যানুযায়ী ২০০১ সালের আদমশুমারিতে উপজেলায় লোকসংখ্যা ছিল এক লাখ ৮৩ হাজার ১০৩ জন। ২০০৯ সালে এ সংখ্যা দাঁড়িয়েছে প্রায় দুই লাখ ৩০ হাজারে। গড়ে প্রতিবছর লোকসংখ্যা বেড়েছে ছয় হাজার। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তাজুল ইসলাম তালুকদার জানান, এখানে প্রতিবছর জনসংখ্যা বৃদ্ধির হার শতকরা প্রায় ১ দশমিক ৩০ ভাগ। জনসংখ্যা বৃদ্ধির এ হার উদ্বেগজনক।পরিবার পরিকল্পনা বিভাগ চাঁদপুর অঞ্চলের উপপরিচালক (ডিডিএফপি) দীপক কান্তি মজুমদার বলেন, ‘লোকবলের অভাবে ন্যূনতম তদারকিও কষ্টসাধ্য। লোক না থাকলে কাজ করব কীভাবে। শূন্যপদে লোক দেওয়ার জন্য লিখিতভাবে মন্ত্রণালয়কে জানানো হয়েছে। ঝিমিয়েপড়া কার্যক্রম গতিশীল করা হবে।’