জনবল-সংকটে পাকশী রেলওয়ে হাসপাতাল
প্রয়োজনীয় জনবল-সংকটসহ নানা সমস্যায় জর্জরিত পশ্চিমাঞ্চল রেলের পাকশী বিভাগীয় হাসপাতাল। ফলে এলাকাবাসীসহ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবার চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় লোকবলের অভাবে প্রায় ২০ বছর ধরে অস্ত্রোপচার কক্ষটি বন্ধ রয়েছে। ৭৫ শয্যার এই হাসপাতালে চিকিৎসকসহ বিভিন্ন পদে ১২০ জন কর্মকর্তা-কর্মচারী থাকার কথা থাকলেও আছেন ৩৭ জন। এ কারণে একজনকে একাধিক পদের দায়িত্ব পালন করতে হচ্ছে। হাসপাতালটিতে রেলওয়ের এ অঞ্চলের চাকরিজীবীরা ছাড়াও এলাকাবাসী চিকিৎসা নিতে আসেন। হাসপাতালের ড্রেসার হাফিজুর রহমান জানান, জনবল-সংকটের কারণে তিনি অফিস সহকারী এবং জরুরি বিভাগেও দায়িত্ব পালন করেন। প্রধান অফিস সহকারী আনোয়ার হোসেন বলেন, তিনিও তিনটি পদের দায়িত্ব পালন করেন। হাসপাতালের ফার্মাসিস্ট আবদুল্লাহ আল-মামুন জানান, এই পদে থাকার কথা ছয়জন। আছেন মাত্র একজন। বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা ও সহকারী বিভাগীয় চিকিৎসা কর্মকর্তার পদ দীর্ঘদিন ধরে শূন্য। ছয়জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন দুজন। তাঁরাও পালন করছেন একাধিক দায়িত্ব। হাসপাতালে জেনারেটর না থাকায় বিদ্যুৎ চলে গেলে স্থবির হয়ে পড়ে চিকিৎসাসেবা-কার্যক্রম। বর্ষা মৌসুমে ভবনের ছাদ চুইয়ে পানি পড়ে। হাসপাতালে বর্তমানে গড়ে প্রতিদিন ৫০ থেকে ৭০ জন রোগী চিকিৎসাসেবা নেন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রাজা আলী গতকাল শনিবার বলেন, ‘উপায় না থাকায় এই হাসপাতালে এসেছি। কিন্তু ডাক্তার না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ হাসপাতালের দায়িত্বরত ভারপ্রাপ্ত বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা সুজিত কুমার রায় বলেন, ‘জনবলস্বল্পতার কারণে চরম অসুবিধায় আছি। এ জন্য আমাকেও বেশ কয়েকটি দায়িত্ব পালন করতে হচ্ছে।’ তিনি আরও জানান, বর্তমানে রেলওয়েতে চরম লোকবল-সংকট রয়েছে। যেহেতু হাসপাতালটি রেল দ্বারা নিয়ন্ত্রিত, মূলত সে কারণেই চাহিদা থাকা সত্ত্বেও লোকবল পাওয়া যাচ্ছে না।পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) পংকজ কুমার সাহা বলেন, ‘লোকবলের সংকট ও চাহিদার কথা আমরা সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি। নিয়োগ-প্রক্রিয়া চালু হলেই হাসপাতালের শূন্যপদ পূরণ হবে।’