জনবল সংকটে পুলিশ, বাড়ছে অপরাধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে অপরাধ বাড়লেও বাড়েনি পুলিশের সংখ্যা। সীমিত জনবল নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খেতে হচ্ছে পুলিশ বিভাগকে। গত ফেব্রুয়ারি মাসে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বিভাগের (সিএমপি) পক্ষ থেকে পুলিশ সদর দপ্তরে বাড়তি জনবল নিয়োগের প্রস্তাব পাঠানো হলেও এখনো সাড়া মেলেনি।
এদিকে জনবল না বাড়ানোর পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যদের পদায়ন করা যাচ্ছে না। এতে তাঁরা হতাশায় ভুগছেন।
নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, জনবল স্বল্পতার কারণে পুলিশের নিয়মিত টহল দেওয়ার কাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। পাশাপাশি থানায় রুজু হওয়া মামলার তদন্তের জন্যও প্রয়োজনীয়সংখ্যক পুলিশ সদস্য পাওয়া যাচ্ছে না। এ ছাড়া অনেক সময় চিহ্নিত ছিনতাই ও মাদক স্পটসহ নগরের অপরাধপ্রবণ এলাকায় পুলিশ মোতায়েন সম্ভব হচ্ছে না। সামাল দেওয়া যাচ্ছে না যানজটও।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার প্রথম আলোকে জানান, সিএমপির সক্ষমতা বৃদ্ধির জন্য অতিরিক্ত পাঁচ হাজার জনবল চাওয়া হয়েছে পুলিশ সদর দপ্তরের কাছে। এই পুলিশ সদস্যদের নিয়োগ দেওয়া হলে সিএমপির কাজে আরও গতিশীলতা আসবে। বর্তমানে শিল্প পুলিশ, এপিবিএন থেকে ধার করে এনে নিয়মিত কাজ চালাতে হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১১ সালের চেয়ে ২০১৩ সালে মামলা বেড়েছে ১৬২টি। ২০১১ সালে খুন হয়েছিল ৮২টি আর ২০১৩ সালে হয়েছে ৯২টি। একইভাবে দাঙ্গা, মাদক পাচার ও চোরাচালানের ঘটনাও বেড়েছে।
সিএমপি সূত্রে জানা গেছে, ১৯৭৯ সালে সিএমপি প্রতিষ্ঠার পর কয়েক দফা লোকবল বাড়ানো হয়। সর্বশেষ ২০১১ সালে ৪৩০ জন পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হয়। বর্তমানে সিএমপিতে পুলিশ ও সাধারণ কর্মকর্তা-কর্মচারী(সিভিল) মিলিয়ে পাঁচ হাজার ৭৮৫টি পদ রয়েছে। গত চার ফেব্রুয়ারি পুলিশ সদর দপ্তরে পাঠানো প্রস্তাবে চার হাজার ৯৪৫ জন পুলিশ এবং ২১০ জন সিভিল কর্মকর্তাসহ পাঁচ হাজার ১৫৫ জন বাড়ানোর কথা বলা হয়েছে। প্রস্তাবে যুগ্ম পুলিশ কমিশনার দুজন, উপপুলিশ কমিশনার ছয়জন, অতিরিক্ত উপপুলিশ কমিশনার ৩৩ জন, সহকারী পুলিশ কমিশনার ৬২ জন, পরিদর্শক নিরস্ত্র ১৮ জন, পরিদর্শক সশস্ত্র ২৫ জন, পরিদর্শক টহল ছয় জন, উপপরিদর্শক নিরস্ত্র ৩৫৪ জন, উপরিদর্শক সশস্ত্র ৩৪ জন, সার্জেন্ট ১৫৬ জন, উপপরিদর্শক (ট্রাফিক) ১২ জন, সহকারী উপপরিদর্শক নিরস্ত্র ৪৯৯ জন, সহকারী উপপরিদর্শক সশস্ত্র ১০৮ জন, নায়েক ৬৯ জন, কনস্টেবল তিন হাজার ৫৫৯ জন নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া প্রস্তাবে নগর পুলিশ কমিশনার পদ অতিরিক্ত মহাপরিদর্শকের সমমানে এবং অতিরিক্ত পুলিশ কমিশনার পদ উপমহাপরিদর্শকের সমমানে উন্নীত করার প্রস্তাব করা হয়। এ ছাড়া অতিরিক্ত উপমহাপরিদর্শক মর্যাদার দুটি যুগ্ম পুলিশ কমিশনারের পদ সৃষ্টির প্রস্তাব দেওয়া হয়।
সিএমপির দেওয়া তথ্যমতে, নগরে বর্তমানে স্থায়ী ৬০ লাখের পাশাপাশি কয়েক লাখ ভাসমান মানুষ বসবাস করেন। এত বিশাল জনসংখ্যার নগরে আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত পুলিশের সংখ্যা অনেক কম বলে মনে করেন সিএমপির কর্মকর্তারা। জনবলসংকটের কারণে নগরবাসীকে পর্যাপ্ত সেবাও দিতে পারছেন তাঁরা।