জনবল-সংকটে বিপাকে কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার প্রতিষ্ঠার ১৪ বছর পেরিয়ে গেলেও জনবল-সংকটের সুরাহা হয়নি আজও। প্রতিদিন গড়ে মাত্র ৪০ থেকে ৫০ জন কারারক্ষী পাহারা দেন প্রায় পাঁচ হাজার বন্দীকে। ফলে নিরাপত্তার ঝুঁকিসহ নানা সমস্যা তৈরি হচ্ছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, কারাগারের নিরাপত্তায় সহায়তার জন্য র‌্যাব ও পুলিশকে ইতোমধ্যে চিঠি দিয়েছে কারা কর্তৃপক্ষ। প্রয়োজনের তুলনায় প্রায় সাত গুণ কম জনবল নিয়ে চলছে এর কার্যক্রম। এক হাজার ৭১৩ জন বন্দীর ধারণক্ষমতার কারাগারটিতে বর্তমানে প্রতিদিন গড়ে পাঁচ হাজার বন্দী থাকে। অথচ দায়িত্ব পালন করছেন সেই ৭০০ বন্দীর ধারণক্ষমতার কারাগারের জনবলই।
সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতায় গ্রেপ্তার হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। এ ছাড়া টানা হরতালে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় জামিন পাওয়ার সংখ্যাও কমে গেছে। স্বাভাবিক কারণেই চাপ বাড়ছে কারাগারের ওপর।
কারাগার সূত্রে আরও জানা যায়, ১৯৯৯ সালে চট্টগ্রাম জেলা কারাগারকে কেন্দ্রীয় কারাগারে রূপান্তরিত করা হয়। তখন এর ধারণক্ষমতা ছিল ৭০০ বন্দীর। এরপর দুই দফায় এর আয়তনও বাড়ে। সঙ্গে বাড়ে বন্দীর সংখ্যা।
এখানে মঞ্জুরিকৃত পদের সংখ্যা ৩৪৩। এর মধ্যেও ৩৫টি পদ বর্তমানে শূন্য। নারী চিকিৎসকের পদটি শূন্য রয়েছে তিন বছর ধরে। এতে অনেক নারী বন্দীই পুরুষ চিকিৎসকের দ্বারস্থ হতে অস্বস্তিতে ভোগেন।
কারাগারে কারারক্ষীর সংখ্যা ২৪৭। বন্দীদের পাহারা দেওয়া ছাড়াও তাঁদের বড় একটা অংশকে বন্দীদের আদালতে আনা-নেওয়া, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে দায়িত্ব পালন করতে হয়। এ ছাড়া প্রশাসনিক কর্মকর্তাদের নানা কাজেও তাঁদের সহযোগিতা করতে হয়।
বন্দীদের পাহারায় প্রতি শিফটে ৫০ জনের বেশি কারারক্ষী নিয়োজিত করা সম্ভব হয় না কর্তৃপক্ষের। বর্তমানে ৩০০-এর বেশি শিবিরের নেতা-কর্মী আছেন কারাগারটিতে। এ ছাড়া রয়েছে জেএমবিসহ বিভিন্ন সংগঠনের ২০ জনের বেশি জঙ্গি। রাজনৈতিক অস্থিরতার সুযোগে এরা যাতে বন্দীদের উসকানি দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সেদিকেও নজর দিতে হচ্ছে কর্তৃপক্ষকে।
জনবল অনেক কম থাকায় প্রত্যেককেই অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়। ফলে অনেকে প্রয়োজনীয় ছুটিও ভোগ করার সুযোগ পান না বলে জানান চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ছগির মিয়া। তিনি আরও জানান, কমপক্ষে ৬২৫ জন কারারক্ষী প্রয়োজন।