জনবল সংকটে ব্যাহত চারা রোপণ ও পরিচর্যার কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ-বিদেশের উন্নত জাতের ফুল ও ফলের চারা সরবরাহকারী প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টার। এখানে কৃষি বিষয়ে নানা ধরনের প্রশিক্ষণও দেওয়া হয়। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক মালী ও কৃষি উপপ্রদর্শক নেই এখানে। অর্থ-সংকটের কারণে চারা রোপণ ও পরিচর্যার জন্য নিয়মিত কৃষি শ্রমিক নিয়োগ দেওয়া সম্ভব হয় না। এসব কারণে দেশের অন্যতম এ প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই সেন্টারের প্রধান কর্মকর্তা উদ্যানতত্ত্ববিদ আবুল কালাম আজাদ জানান, ১৯৮২ সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খাদ্যশস্য শাখার অধীনে এখানে হর্টিকালচার সেন্টারের কাজ শুরু হয়। ৭২ দশমিক ৭২ একর জমিতে গড়ে তোলা হয়েছে এই সেন্টার। এটি চাঁপাইনবাবগঞ্জের পৌর শহরের কল্যাণপুর এলাকায়। এখানে প্রহরীর চারটি পদের মধ্যে দুটি, মালীর ১৬টি পদের মধ্যে দুটি, গাড়িচালকের চারটি পদের মধ্যে তিনটি, কৃষি উপপ্রদর্শকের চারটি ও গুদামরক্ষকের একটি পদ দীর্ঘদিন ধরে শূন্য। হর্টিকালচার সেন্টার সূত্রে জানা গেছে, এখানে চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত ল্যাংড়া, ফজলি, খিরসাপাত, গোপালভোগ, কালীভোগ, মোহনভোগ, দুধসর, মিশ্রিকান্ত, লক্ষণভোগসহ দেশ-বিদেশের ৬০ থেকে ৭০ জাতের আমগাছের বাগান রয়েছে। এ ছাড়া এখানে উন্নত জাতের কুল ও পেয়ারা এবং দেশ-বিদেশের বিভিন্ন জাতের ফলের বাগান আছে। এখানে কৃষি কর্মকর্তা ও চাষিদের জন্য একটি প্রশিক্ষণকেন্দ্র রয়েছে। মাশরুম চাষ সম্প্রসারণের জন্য এখান থেকে বীজ ও প্রশিক্ষণ দেওয়া হয়। হর্টিকালচার সেন্টার সূত্রে আরও জানা গেছে, এই সেন্টারের চারপাশে বেড়া নেই। এই কারণে চারা ও গাছ রক্ষণাবেক্ষণে সমস্যা হচ্ছে।বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল আবদুল্লাহ বলেন, জনবলের অভাবে চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টার চাহিদা অনুযায়ী আম, লিচুসহ বিভিন্ন ফলের চারা ও কলম উৎপাদন করতে পারছে না। তাই দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এই সেন্টারের নানা সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া উচিত। এই সেন্টারের প্রধান কর্মকর্তা উদ্যানতত্ত্ববিদ আবুল কালাম আজাদ বলেন, লোকবল সংকটসহ অন্যান্য সমস্যার বিষয় তিনি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। কিন্তু কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ না নেওয়ায় আজও এ সমস্যা রয়ে গেছে।