জনবল সংকটে মিলছে না সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনবল সংকটে বরগুনার আমতলী উপজেলার তালতলী স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই কেন্দ্রে মাত্র একজন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। ওই চিকিৎসক সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন। উপরন্তু এখানে উন্নত চিকিৎসার ব্যবস্থা না থাকায় রোগীদের যেতে হচ্ছে জেলা বা উপজেলা সদরে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার তালতলী প্রশাসনিক থানায় দেড় লাখ মানুষ বসবাস করে। এদের চিকিৎসার জন্য ২০০৭ সালে তালতলী বন্দরে একটি ২০ শয্যার স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হয়। এখানে এখন মাত্র একজন চিকিৎসক ও একজন স্বাস্থ্য সহকারী কর্মরত আছেন। জনবল সংকটের কারণে এই কেন্দ্রের অন্তর্বিভাগ এখনো চালু করা সম্ভব হয়নি। ফলে এখানে এসে রোগীরা যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছেন না।স্থানীয় স্কুলশিক্ষিকা অংতেন তালুকদার জানান, ওই কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক না থাকায় ৩৫ কিলোমিটার দূরে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যেতে হয়। কখনো কখনো ৪০ কিলোমিটার দূরের জেলা সদরের জেনারেল হাসপাতালে যেতে হয়।স্থানীয় উন্নয়নকর্মী তৌফিক বলেন, স্বাস্থ্যকেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় গরিব রোগীদের, বিশেষ করে রাখাইন পল্লির লোকজনের সমস্যা বেশি হচ্ছে।জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৭ সালে দেড় কোটি টাকা ব্যয়ে তালতলী স্বাস্থ্যকেন্দ্রটি নির্মাণ করা হয়। এখানে একটি চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব), ফার্মাসিস্ট, পাঁচটি সেবিকাসহ ১৫টি পদ আছে। নির্মাণের পর গত তিন বছরে এখানে একজন চিকিৎসক ও একজন স্বাস্থ্য সহকারী নিয়োগ দেওয়া হয়েছে।আমতলীর উপজেলা স্বাস্থ্য প্রশাসক মদন জি পাল বলেন, ২০১০ সালে একজন চিকিৎসককে তালতলী স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া একজন স্বাস্থ্য সহকারী রয়েছেন সেখানে। এর বেশি জনবল পাঠানো সম্ভব নয়। তালতলী স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত চিকিৎসক সাইফুল ইসলাম বলেন, ‘তালতলীতে একা কাজ করতে গিয়ে হিমশিম খাচ্ছি। প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা আসলেই দেওয়া যাচ্ছে না।’সিভিল সার্জন এ এইচ এম জহিরুল ইসলাম জানান, চিকিৎসকসহ জনবল নিয়োগ ও অন্যান্য সুযোগ-সুবিধা চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে।