জনবল-সংকটে লোহাগড়া ডাকঘরের কার্যক্রম ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলা ডাকঘরে জনবল-সংকট দীর্ঘদিনের। ফলে গ্রাহকেরা ভোগান্তি পোহালেও এ সংকট নিরসনে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।উপজেলা ডাকঘর সূত্রে জানা গেছে, এখানে ১৫টি পদের মধ্যে আটটি শূন্য। পোস্টমাস্টারের একটি, অপারেটরের তিনটি, পোস্টম্যানের দুটি, পিএমসির (প্যাকার কাম মেইল ক্যারিয়ার) একটি ও রানারের আটটি পদ আছে। অথচ এখানে একজন পোস্টমাস্টার, একজন অপারেটর, একজন পোস্টম্যান ও চারজন রানার কর্মরত আছেন। এ ডাকঘরের অধীনে উপজেলায় ১৭টি শাখা ডাকঘর রয়েছে। উপজেলা পোস্টমাস্টার আবদুল গফ্ফার জানান, ‘এখানে ইলেকট্রনিক ও মোবাইল মানি অর্ডার এবং সাধারণ মানিঅর্ডারের মাধ্যমে মাসে প্রায় ৫০ লাখ টাকা লেনদেন হয়। প্রতিদিন প্রায় ২৫০ জনকে সেবা দিতে হয়। এ ডাকঘরকে অধীনস্থ ১৭টি শাখা ডাকঘরের নিয়ন্ত্রণ, টাকা লেনদেন ছাড়াও চিঠি আদান-প্রদান, রেজিস্ট্রি ও বিমা পার্সেল আদান-প্রদান, ডাক জীবন বিমা, সঞ্চয়পত্র, সঞ্চয়ী ও মেয়াদি ব্যাংকিং ইত্যাদি কার্যক্রম পরিচালনা করতে হয়।আবদুল গফ্ফার বলেন, ‘একটি শাখা ডাকঘর চালাতে একজন অপারেটর প্রয়োজন, অথচ ১৭টি শাখা ডাকঘরের জন্য মাত্র একজন অপারেটর আছে।’ ইতনা গ্রামের ইজাবুল শেখ বলেন, ‘মোবাইলের মাধ্যমে পাঠানো টাকা নিতে এই পোস্টঅফিসে এসেছি। প্রায় ১০ কিলোমিটার দূর থেকে এসে এখানে লাইনে এক-দুই ঘণ্টা দাঁড়িয়ে থেকে টাকা নিতে হয়।’লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুক আহমেদ বলেন, ‘ডিগ্রি, উন্মুক্ত, এইচএসসি, এসএসসি, জেএসসি, জেডিসি, আলিম ও দাখিল পরীক্ষার খাতা এ পোস্ট অফিসের মাধ্যমে বিমা পার্সেল করতে হয়। এখানে জনবল-সংকটের কারণে আমাদের ভোগান্তির শেষ নেই।’নড়াইল জেলা পোস্টমাস্টার মুন্সী আসাদুজ্জামান জানান, দীর্ঘদিন ডাক বিভাগে নিয়োগ না দেওয়ায় এবং পুরোনো কর্মী অবসরে চলে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। এ বিষয়ে যশোর অঞ্চলের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল অলোকা রানী রায় বলেন, ‘বিষয়টি মন্ত্রণালয়ের গোচরে আনা সত্ত্বেও দীর্ঘদিন যাবৎ লোকবল না থাকায় সেবা প্রদানে সমস্যা হচ্ছে। যত দিন মন্ত্রণালয় থেকে নতুন নিয়োগ না দেওয়া হবে, তত দিন এই অবস্থার উন্নতি হবে বলে মনে হয় না।’