জনবল-সংকটে সরাইল হাসপাতালে সেবা ব্যাহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চিকিৎসক, সেবিকা, যন্ত্রপাতি ও ওষুধের অভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। কম খরচে স্বাস্থ্যসেবা পাওয়ার একমাত্র প্রতিষ্ঠানটির এ দশায় লোকজন পড়েছে বিপাকে। ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল রোববার গিয়ে জানা যায়, ২৯ জন চিকিৎসকের দায়িত্ব পালন করছেন ১৪ জন। ১৫ জন সেবিকার জায়গায় আছেন মাত্র আটজন। চিকিৎসা কর্মকর্তা, সেবিকা, টেকনিশিয়ানসহ মোট ৫৮টি পদই শূন্য। এ অবস্থার মধ্য দিয়েই চলছে প্রতিষ্ঠানটি।উপজেলার নয় ইউনিয়ন ছাড়াও সদর উপজেলার বুধল, মজলিশপুর ও নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নবাসীর চিকিৎসাসেবা পাওয়ার বড় ভরসা এই স্বাস্থ্য কমপ্লেক্স।স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা গেছে, এখানে জরুরি বিভাগ থাকলেও সার্বক্ষণিক চিকিৎসকের কোনো পদ নেই। নেই জেনারেটর, ইসিজি, আলট্রাসনোগ্রাম মেশিনসহ আধুনিক কোনো যন্ত্রপাতি ও প্রয়োজনীয় ওষুধ। বিদ্যুৎ চলে গেলে সন্ধ্যার পর মোমবাতিই ভরসা। প্রসূতিদের জন্য একটি আধুনিক অস্ত্রোপচারের কক্ষ (ওটি), গাইনি সার্জন, অবেদনবিদ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও ব্লাড ব্যাংক ও সমন্বয়হীনতার অভাবে আড়াই বছর ধরে প্রসূতিদের অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না। ৩৩ বছরের পুরোনো এক্স-রে মেশিনটি অধিকাংশ সময়ই বিকল থাকে। চালক থাকলেও দুই বছর ধরে অ্যাম্বুলেন্সটি বিকল হয়ে পড়ে আছে।অবেদনবিদ চিকিৎসক মো. মাহবুবুল আলম বলেন, ‘ব্লাড ব্যাংকের অভাবে প্রসূতি মায়েদের অস্ত্রোপচার সম্ভব হচ্ছে না। আমি তো রোগীদের অজ্ঞান করা ছাড়া কিছু পারি-বুঝি না। অন্য রোগীদের চিকিৎসা দেওয়ার সাধ্য আমার নাই। তাই প্রতিদিন হাসপাতালে আসি আর যাই।’ওয়ার্ডে ভর্তি রোগী উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের মফিজ মিয়া (৩৫) এবং সদর ইউনিয়নের বড্ডাপাড়া গ্রামের আবুল বাশার (৫০) জানান, এখানে প্রতিদিন তিন-চারটি করে বড়ি ছাড়া আর কিছুই দেওয়া হয় না। সব বাইরে থেকে কিনে আনতে হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কে এম জহিরুল হক চিকিৎসক, সেবিকা ও যন্ত্রপাতি সংকটের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমি গত ১৮ ফেব্রুয়ারি এখানে যোগদান করেছি। তবে শিগগিরই এসব সমস্যা সমাধানের উদ্যোগ নেব।’