জনবল-সংকটে সিরাজগঞ্জের টেলিফোন কার্যালয়ে স্থবিরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিটিসিএল সিরাজগঞ্জের বিভাগীয় কার্যালয় লোকবল সংকটে স্থবির হয়ে পড়েছে। এখানে বিভাগীয় প্রকৌশলী, উপবিভাগীয় প্রকৌশলীসহ প্রায় অর্ধেক কর্মচারীর পদই দীর্ঘদিন ধরে শূন্য থাকায় এ স্থবিরতা তৈরি হয়েছে।
বর্তমানে ইলেকট্রোমেকানিকাল পদ্ধতি পরিবর্তিত হয়ে কম্পিউটার পদ্ধতিতে হলেও এ ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত একজন লোকও নেই।
অপরদিকে এই কার্যালয়ের কর্মকর্তার জন্য সরকারিভাবে বরাদ্দ করা জিপটি বিটিসিএলের এক মহাব্যবস্থাপক ঢাকায় ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন বলে জানা গেছে।
সিরাজগঞ্জের বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, এক বছর ধরে বিভাগীয় প্রকৌশলী, একজন উপবিভাগীয় প্রকৌশলী, একজন সহকারী প্রকৌশলী, তিনজন উপসহকারী প্রকৌশলীসহ টেকনিশিয়ানের পদ শূন্য রয়েছে। অর্গানোগ্রাম অনুযায়ী কর্মকর্তা-কর্মচারী মিলে মোট ১০৫ জন লোক থাকার কথা। কিন্তু আছেন মাত্র ৭০ জন। পাবনা বিভাগীয় কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী আলী আশরাফকে সিরাজগঞ্জে বিভাগীয় ও উপবিভাগীয় দুটি পদেই ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি ঈশ্বরদী উপজেলার উপবিভাগীয় প্রকৌশলীর দায়িত্বেও রয়েছেন। একই ব্যক্তি পাবনা ও সিরাজগঞ্জ জেলা মিলে চারটি পদের দায়িত্বে থাকায় সিরাজগঞ্জে প্রতি মাসে তিনি মাত্র তিন থেকে চার দিন অফিস করে থাকেন। কর্মকর্তা না থাকায় সিদ্ধান্তহীনতার কারণে দিন দিন বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। গ্রাহকদের টেলিফোন লাইন খারাপ হলেও সেগুলো মেরামত হচ্ছে না। বিশেষ করে ইন্টারনেটের সংযোগ নেওয়া লোকজন সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন।
কার্যালয়ের অপর একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বর্তমানে জেলায় ল্যান্ড টেলিফোন ও ইন্টারনেট (ব্রডব্যান্ড) সংযোগ মিলে প্রায় আড়াই হাজার গ্রাহক রয়েছে। তাঁদের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকেরই ফোন প্রতিদিনই কোনো না কোনোভাবে খারাপ হচ্ছে। অভিযোগ পাওয়া গেলেও জনবলের অভাবে মেরামত করা সম্ভব হচ্ছে না। সেবা না পেয়ে ইন্টারনেটের সংযোগ নেওয়া অনেক গ্রাহকই বিটিসিএল বাদ দিয়ে অন্য প্রাইভেট কোম্পানির সংযোগ নিচ্ছেন।
এ রকমই একজন গ্রাহক সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁর কার্যালয়ে টিঅ্যান্ডটির ইন্টারনেট ব্রডব্যান্ড সংযোগ ছিল। কিন্তু প্রয়োজনীয় সেবা না পেয়ে প্রাইভেট এক কোম্পানি থেকে সংযোগ নিয়েছেন।
শহরের শরিফুল হাসান নামের এক বাসিন্দা বলেন, প্রায় এক মাস ধরে তাঁর টেলিফোন বিকল হয়ে রয়েছে। অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কেউ দেখতে পর্যন্ত আসেননি।
সূত্রটি আরও জানায়, প্রধান কর্মকর্তার পদ শূন্য রেখে নিম্ন কর্মকর্তাকে নামকাওয়াস্তে দায়িত্ব দিয়ে রাখা হয়েছে। এ ছাড়া সরকারিভাবে বরাদ্দ দেওয়া জিপটিও বিটিসিএলের মহাব্যবস্থাপক পদে কর্মরত রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মো. রফিকুল ইসলামের ঢাকার বাসায় ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে। গত ৮ জানুয়ারি থেকে গাড়িটি ঢাকায় রয়েছে। কারিগরি জ্ঞানসম্পন্ন লোক না থাকায় রঞ্জিত কুমার কর্মকার নামের এক কর্মচারীকে দিয়ে টেকনিশিয়ানের কাজ চালানো হচ্ছে। এর আগে বিটিসিএলের ভান্ডার থেকে মালামাল আত্মসাতের দায়ে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে অবশ্য তদন্ত ছাড়াই গোপনে তাঁকে পুনর্বহালও করা হয়।
এদিকে মহাব্যবস্থাপক রফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, গাড়িটি মেরামতের জন্য ঢাকায় নেওয়া হয়েছে। কাজ শেষ হলেই সিরাজগঞ্জে আনা হবে।
সিরাজগঞ্জে দায়িত্বপ্রাপ্ত পাবনা কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী আলী আশরাফ এসব সমস্যার সত্যতা নিশ্চিত করে বলেন, পদ্ধতিগত পরিবর্তন হওয়ায় কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত জনবল চাওয়া হয়েছে। বর্তমানে ওয়াকচার্জ নিয়োগপ্রাপ্ত জনবল দিয়ে কাজ চালানো হচ্ছে। সড়ক খোঁড়াখুঁড়ির কারণে কিছু টেলিফোনের সংযোগ বন্ধ থাকলেও তা মেরামতের কাজ চলছে।