জনবল-সংকটে নড়াইলের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মান ভেঙে পড়েছে। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে চিকিৎসক না থাকায় রোগীরা যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছেন না। ফলে গ্রাম্য চিকিৎসক বা ওষুধের দোকানদারেরাই রোগীদের ভরসা। রোগীদের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের ছুটতে হচ্ছে শহরের হাসপাতালগুলোতে।
সিভিল সার্জন ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ৩৮টি ইউনিয়নের মধ্যে ৩০টি ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং সাতটি ইউনিয়নে স্বাস্থ্য উপকেন্দ্র আছে। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো দেখভালের দায়িত্ব পরিবার পরিকল্পনা অধিদপ্তরের। বাকি সাতটি স্বাস্থ্য উপকেন্দ্র দেখভালের দায়িত্ব সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য বিভাগের।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে একজন চিকিৎসা কর্মকর্তা, একজন উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা (ডিপ্লোমা), একজন ভিজিটর, একজন ফার্মাসিস্ট, একজন আয়া এবং একজন পিয়ন কাম নৈশপ্রহরী থাকার কথা। কিন্তু পদ থাকলেও কেন্দ্রগুলোতে কোনো চিকিৎসা কর্মকর্তা নেই। ১৩টি ইউনিয়নে উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা, আটটি ইউনিয়নে ভিজিটর, ৩৬টি ইউনিয়নে ফার্মাসিস্ট, ৩৩টি ইউনিয়নে পিয়ন কাম নৈশপ্রহরী এবং ১১টি ইউনিয়নে আয়ার পদ শূন্য। সিভিল সার্জন কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য উপকেন্দ্রের মধ্যে তিনটি ইউনিয়নে (ইতনা, জয়পুর ও লাহুড়িয়া) চিকিৎসা কর্মকর্তা, দুটি ইউনিয়নে (ইতনা ও জয়নগর) ফার্মাসিস্ট নেই।
বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, চিকিৎসক না থাকায় ভিজিটরেরা সঠিক রোগ নির্ণয় না করেই বিভিন্ন রোগের জন্য প্রায় একই ধরনের ওষুধ দিয়ে থাকেন। কালিয়ার দেবদুন গ্রামের আরিফা আক্তার বলেন, ‘আমার শারীরিক কিছু সমস্যা নিয়ে স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে যাই। সেখানে কোনো চিকিৎসা কর্মকর্তা কিংবা সহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা না থাকায় কর্মরত ভিজিটরকে দেখাই। কিছুদিন পর অবস্থার অবনতি হলে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। সেখানে আমাকে ঢাকায় বড় কোনো চিকিৎসকের কাছে যেতে বলা হয়।’
সরেজমিনে দেখা গেছে, লোহাগড়ার শালনগর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে কোনো চিকিৎসক নেই। রুনা খাতুন নামের একজন ভিজিটর থাকলেও তিনি নিয়মিত বসেন না। স্বাস্থ্যকেন্দ্রের অবস্থাও নাজুক। জানালা-দরজা ভেঙে গেছে। ভেতরের আসবাবও ঘুণে ধরেছে। শৌচাগারের অবস্থাও খুব খারাপ।
নিয়মিত কেন বসেন না জানতে চাইলে রুনা খাতুন জানান, শালনগর এবং কাশিপুর দুটি ইউনিয়নের দায়িত্ব পালন করতে হয়। এ ছাড়া শালনগর স্বাস্থ্যকেন্দ্রের অবস্থাও ভালো না। কেন্দ্র বসবাসের অযোগ্য। সদর উপজেলার হবখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের ভিজিটর সেলিনা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এখানে কোনো চিকিৎসা কর্মকর্তা, উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা, ফার্মাসিস্ট, পিয়ন নেই। নিজেকেই সবকিছু করতে হয়। এ কারণে এলাকার মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।’
সিভিল সার্জন আবদুস সামাদ এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক এস এম জাফরি জনবল-সংকটের কথা স্বীকার করে জানান, শূন্য পদে জনবল নিয়োগের জন্য সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু তারা কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা জানান, চাহিদানুযায়ী সুযোগ-সুবিধা না থাকায় নিয়োগপ্রাপ্ত কোনো চিকিৎসা কর্মকর্তা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে যেতে আগ্রহ প্রকাশ করেন না। তাঁরা অন্যত্র বদলি হয়ে চলে যান।