খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডের বারান্দায় শুয়ে ব্যথায় কাতরাচ্ছেন ৩০ বছরের তরুণ জাহিদ হাসান। দেড় মাস ধরে অস্ত্রোপচারের সিরিয়াল পাচ্ছেন না তিনি।জাহিদ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আমার ডান পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য দেড় মাস আগে বরিশালের মঠবাড়িয়া থেকে এই হাসপাতালে এসেছি। চিকিৎসকেরা জানিয়েছেন, পায়ে অস্ত্রোপচার করতে হবে। কিন্তু জনবল সংকটের কারণে সিরিয়াল পেতে দেরি হবে। জানি না কবে সিরিয়াল পাব।’শুধু জাহিদ হাসান একা নন। তাঁর মতো আরও অনেক রোগীকে অস্ত্রোপচারের সিরিয়ালের জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হয়।মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে ৪ অক্টোবর বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে শামসু শেখ (৬০) এসেছেন এই হাসপাতালে। শয্যা না পেয়ে এক নম্বর মেডিসিন ওয়ার্ডের বারান্দার মেঝেতে অচেতন অবস্থায় শুয়ে আছেন তিনি। তাঁর ছেলে মো. আজিম বলেন, ‘দিনের মধ্যে ডাক্তার একবার আইলে আহে, নার্সগো ডাইকা পাওন যায় না। তাগো কাছে গ্যালে হ্যারা বিরক্ত হয়। এহানে ডাক্তার ও নার্স অনেক কম।’হাসপাতাল সূত্রে জানা গেছে, জনবল সংকটের কারণে অসংখ্য রোগীকে যথাযথভাবে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না। অস্ত্রোপচারের রোগীদের দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। হাসপাতালটি ৫০০ শয্যায় উন্নীত হওয়ার পরও জনবল বাড়ানো হয়নি। এখন এটিতে জনবলের সংখ্যা ২৫০ শয্যার হাসপাতালের চেয়েও কম।হাসপাতালের তত্ত্বাবধায়ক পরিতোষ কুমার কুণ্ডু জানান, ২০০৬ সালে ২৫০ শয্যা থেকে হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করা হয়। এরপর অবকাঠামোগত উন্নয়ন ছাড়া হাসপাতালে প্রয়োজনীয় জনবল বাড়ানো হয়নি। শুধু ৫০০ রোগীর খাবার বরাদ্দ করা হয়েছে। এখন ২৫০ শয্যার জনবলের চেয়েও কম জনবল নিয়ে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম চলছে। তিনি জানান, ৫০০ শয্যার জন্য চিকিৎসকসহ প্রথম শ্রেণীর জনবল থাকার কথা ১৩৮ জন, এখন আছেন ৭১ জন। ২৫০ শয্যার ক্ষেত্রেও জনবল থাকার কথা ৭৮ জন। সেবিকাসহ দ্বিতীয় শ্রেণীর জনবল থাকার কথা ১৭১ জন, আছেন ১৫৭ জন। তৃতীয় শ্রেণীর জনবল থাকার কথা ১৩৭ জন, আছেন ৩০ জন। চতুর্থ শ্রেণীর জনবল থাকার কথা ৩৭০ জন, আছেন ১০৫ জন। এই অল্প জনবল দিয়ে প্রতিদিন ৬০০ থেকে ৭০০ রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে।পরিতোষ কুমার জানান, জনবল সংকটের কারণে মানসিক ব্যাধি, বার্ন ইউনিট, শিশু সার্জারি, রেসপিরেটরি ও নিউরো মেডিসিন বিভাগ চালু করা যাচ্ছে না। অস্ত্রোপচারের জন্য পর্যাপ্ত কক্ষ থাকলেও জনবল সংকটের কারণে এ কার্যক্রম ব্যাহত হচ্ছে।হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, জনবল-সংকট দূর করার জন্য তিনি মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একনেকে পাস হলেও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পদ সৃষ্টির জন্য প্রজ্ঞাপন জারি করা হয়নি। তার পরও সীমিত জনবল দিয়েই রোগীদের সেবা দেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন তাঁরা।