জনবল ১৬৫০-এর স্থলে ৩৮২, সেবা ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) জনবলসংকটে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। হাসপাতালটি ৫০০ শয্যায় উন্নীত করার জন্য প্রশাসনিক অনুমোদন দেওয়া হলেও বাড়েনি জনবল। এক হাজার ৬৫০ জনের স্থলে মাত্র ৩৮২ জন দিয়ে চলছে সেবা।

হাসপাতালে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগে রোগীদের চিকিৎসা দিতে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। বিভিন্ন ওয়ার্ডের বারান্দার মেঝেতে অনেক রোগীকে চিকিৎসা নিতে হচ্ছে।

হাসপাতাল থেকে জানা গেছে, ১৯৮৯ সালের ১৮ জানুয়ারি নগরের বয়রা এলাকায় ৪৩ দশমিক ২৫ একর জমির ওপর ‘খুলনা হাসপাতাল’ নামে যাত্রা শুরু হয় আজকের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের। প্রথমে ৭৫টি শয্যা নিয়ে যাত্রা শুরু হয়। পরে পর্যায়ক্রমে ১২৫ ও ২৫০ শয্যায় উন্নীত করে কার্যক্রম চলতে থাকে। ১৯৯২ সালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নামে যাত্রা শুরু হয়। ২০০৮ সালের ১ জুলাই হাসপাতালটি ৫০০ শয্যায় উন্নীত করার জন্য প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম খুলনা এসে এটিকে এক হাজার শয্যায় উন্নীত করার ঘোষণা দেন।

হাসপাতালের প্রথম শ্রেণির কর্মকর্তা, চিকিৎসক ৭১৩ জনের মধ্যে বর্তমানে মাত্র ৮১ জন রয়েছেন, দ্বিতীয় শ্রেণির ২৫৬ জনের বিপরীতে আছেন ১৫১ জন, তৃতীয় শ্রেণির ১৭৮ জনের স্থলে রয়েছেন ৪২ জন, চতুর্থ শ্রেণির ৫০৩ জনের জায়গায় ১০৮ জন কর্মরত রয়েছেন। হিসাবে দেখা যায়, মোট এক হাজার ৬৫০ জনবলের কাজ চলছে মাত্র ৩৮২ জন দিয়ে। হাসপাতালে মোট ২৩টি সাধারণ ওয়ার্ড ও ৪০টি কেবিন রয়েছে। এসব ওয়ার্ড ও কেবিনের মধ্যে বেশির ভাগ ওয়ার্ডে ধারণক্ষমতার চেয়ে দু-তিন গুণ বেশি রোগী ভর্তি থাকছে। এতে একদিকে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্স ও কর্মচারীরা, অন্যদিকে রোগীরা বঞ্চিত হচ্ছেন মানসম্মত স্বাস্থ্যসেবা থেকে। আবার হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীত করার বিষয়টি একনেকে অনুমোদন হলেও সেটি এখনো রাজস্ব খাতের অন্তর্ভুক্ত হয়নি।

বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে চিকিৎসা নিতে আসা হামিদুর রহমান শেখ বলেন, ‘ভালো চিকিৎসার জন্যি এই হাসপাতাল এলাম। কিন্তু এহানে আইসে দেহি জরুরি বিভাগে কোন বিশেষজ্ঞ ডাক্তার নাই। রোগীর চাপে তাঁদের কাছেও ভেড়া যায়না। বেডও মেলে না। এহন বারান্দায় পইড়ে আছি।’

হাসপাতালের কয়েকজন চিকিৎসক জানান, ৫০০ শয্যার অনুমোদন মিললেও সেই অনুযায়ী জনবল পদায়ন হয়নি। খুলনা বিভাগের খুলনা, গোপালগঞ্জ, বাগেরহাট, সাতক্ষীরাসহ আশপাশের জেলা ও উপজেলার লাখো মানুষ চিকিৎসা নিতে আসে এই হাসপাতালে। অথচ এখানে চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল না থাকায় অনেকটা খালি হাতে ফিরতে হয় তাদের।

ইন্টার্ন চিকিৎসকদের কয়েকজন জানান, পুরো হাসপাতাল এখন ইন্টার্ন চিকিৎসকদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। প্রতিদিন শত শত রোগী ভর্তি হচ্ছে। কিন্তু সেই তুলনায় চিকিৎসক পদায়ন হচ্ছে না।

হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক মো. আবদুস সামাদ বলেন, ‘হাসপাতালটি জনবল সংকটে আছে দীর্ঘদিন। ৫০০ বেডের কথা বাদই দিলাম, ২৫০ শয্যার জন্য ৯৬ জন চিকিৎসক প্রয়োজন। তার মধ্যে ২৪ জনই নাই। অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর পদও শূন্য রয়েছে। জনবল শূন্যতার কথা মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য পরিচালক, বিএমএর মহাসচিবকে জানিয়েছি। আশা করছি, খুব তাড়াতাড়ি এর সুরাহা হবে।’