জনবল ৫০ শয্যার, ভর্তি থাকে তিন গুণ রোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০০ শয্যার কুড়িগ্রাম সদর হাসপাতাল ১৩ বছর থেকে চলছে মাত্র ৫০ শয্যার জনবল দিয়ে। প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২০০ রোগী এখানে ভর্তি থাকে। সেবাগ্রহীতাদের বাইরে থেকে ওষুধ ও উপকরণ কিনতে হয়। তিন বছরে তুলনামূলক সূচক অনুযায়ী হাসপাতালে সেবার ১২টি খাতে ইতিবাচক ও চারটি খাতে নেতিবাচক পরিবর্তন হয়েছে।গত মঙ্গলবার সকালে সনাক-টিআইবি ও হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে কুড়িগ্রাম সদর হাসপাতালের সেবার মান শীর্ষক প্রতিবেদন ‘সিটিজেনস রিপোর্ট কার্ড’-এ এসব তথ্য প্রকাশ করা হয়। সনাক-টিআইবি ও হাসপাতাল কর্তৃপক্ষ যৌথভাবে হাসপাতালের ডক্টরস ক্লাবে এক অনুষ্ঠানে এই প্রতিবেদন প্রকাশ করে। এতে সভাপতিত্ব করেন মো. শাহাবুদ্দিন।২০১১ সালের তথ্যের ভিত্তিতে প্রণীত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালে এই হাসপাতাল থেকে এক লাখ ৫৯ হাজার ৪২৮ জন চিকিৎসাসেবা নিয়েছে। প্রতিবেদনে হাসপাতালের সেবার মান, সমস্যা ও সীমাবদ্ধতা, সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা ও সন্তুষ্টি, ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত সেবার মানের পরিবর্তন এবং করণীয় তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, ইতিবাচক পরিবর্তন হয়েছে টিকিট ক্রয়, বেড বা কেবিন পেতে, ট্রলি ব্যবহারসহ কয়েকটি ক্ষেত্রে অতিরিক্ত টাকা প্রদানের হার আগের তুলনায় কমেছে। চিকিৎসককে রোগের সমস্যা বলা, বহির্বিভাগে চিকিৎসক দেখাতে ক্রমিক মেনে চলা, ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের উপস্থিতি, চিকিৎসক ও নার্সদের আচরণ, ব্যবস্থাপত্রে উল্লিখিত ওষুধপ্রাপ্তিসহ কয়েকটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হয়েছে।অন্যদিকে, জরুরি ও অন্তর্বিভাগে তাৎক্ষণিক সেবাপ্রাপ্তি, হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা এবং অন্তর্বিভাগে সরবরাহ করা খাবারের মান আগের তুলনায় হ্রাস পেয়েছে।এসব নেতিবাচক পরিবর্তনের কারণ হিসেবে লোকবল-সংকট, যন্ত্রপাতির অভাব, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকা, বিশুদ্ধ পানির অভাবের কথা বলা হয়েছে। প্রতিবেদন তৈরিতে ২০১১ সালের ১ থেকে ১৫ অক্টোবর হাসপাতালের ৫৪৬ জন সেবাগ্রহীতার ওপর জরিপ চালানো হয়। এ ছাড়া দলীয় আলোচনা, মুখ্য তথ্যদাতার সাক্ষাৎকার, প্রত্যক্ষ পর্যবেক্ষণ এবং প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করা হয়েছে। পরে আলোচনা সভায় অংশ নেন সিভিল সার্জন লোকমান হাকিম, কুড়িগ্রাম পৌরসভার মেয়র নুর ইসলাম, চিকিৎসক নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব, সাইদা ইয়াসমিন, প্রতিমা রায় চৌধুরী, লাইলী বেগম প্রমুখ।