জনবলসংকট চরমে, দন্ত এক্স-রে বিভাগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসক ও যন্ত্রকারিগরের সংকটে পড়ে প্রায় অচল হয়ে পড়েছে কক্সবাজারের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বন্ধ হয়ে আছে দন্ত ও এক্স-রে বিভাগ। স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের অস্ত্রোপচারের কার্যক্রমও দীর্ঘদিন ধরে বন্ধ।হাসপাতাল সূত্রে জানা গেছে, মাত্র দুজন চিকিৎসক দিয়ে চলছে ৩১ শয্যার এ হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও জরুরি প্রসূতিসেবা বিভাগের (ইমার্জেন্সি অবসটেট্রিক কেয়ার বা ইওসি) যাবতীয় কার্যক্রম। ফলে সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের। রোগী ও রোগীর সঙ্গে আসা আত্মীয়স্বজনের সঙ্গে চিকিৎসক ও কর্মচারীদের প্রতিনিয়ত বচসা হচ্ছে।জানা গেছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা, চারজন বিশেষজ্ঞ চিকিৎসক (মেডিসিন, সার্জারি, গাইনি ও অবেদনবিদ), দুজন চিকিৎসা কর্মকর্তা, একজন ডেন্টাল সার্জনসহ মোট নয়টি পদের মধ্যে ছয়টি পদই শূন্য রয়েছে। বর্তমানে এখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে রতন চৌধুরী, অবেদনবিদ পদে মো. মহিউদ্দিন এবং চিকিৎসা কর্মকর্তা (অ্যাডহক) পদে হোসনে আরা দায়িত্ব পালন করছেন। তাঁদের মধ্যে মো. মহিউদ্দিন ভারপ্রাপ্ত আবাসিক কর্মকর্তা (আরএমও) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। রতন চৌধুরী প্রশাসনিক দায়িত্বে থাকায় তিনি চিকিৎসাসেবার কাজে সময় দিতে পারেন না। ফলে মো. মহিউদ্দিন ও হোসনে আরাকে নির্ধারিত দায়িত্বের বাইরে অনেক বেশি দায়িত্ব পালন করতে হচ্ছে।হাসপাতাল সূত্র জানিয়েছে, ২০০৯ সাল থেকে এক্স-রে বিভাগের যন্ত্রকারিগরের পদটিও শূন্য। ফলে বর্তমানে দন্ত ও এক্স-রে বিভাগের কার্যক্রম এবং স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের অস্ত্রোপচারের কার্যক্রম বন্ধ রয়েছে।চিকিৎসকেরা জানান, কক্সবাজার সদর হাসপাতালের অবস্থান দূরে হওয়ায় রামু উপজেলা ছাড়াও সদর উপজেলার ঈদগাঁও ও ভারুয়াখালীর বেশির ভাগ মানুষ এ হাসপাতালে সেবা নিতে আসে। ফলে হাসপাতালটি ৩১ শয্যাবিশিষ্ট হলেও প্রতিদিন অন্তর্বিভাগে ৪০-৫০ জন এবং বহির্বিভাগে ৩৫০ থেকে ৪০০ জন রোগীকে সেবা দিতে হয়। এ ছাড়া এ হাসপাতালে ইওসি কার্যক্রমও চালু আছে।সরকার প্রসূতিমৃত্যুর হার কমাতে ২০০৫ সাল থেকে এ হাসপাতালে মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিম (জরুরি প্রসূতিসেবা) চালু করে। এ প্রকল্পের আওতায় ২০০৭ সালের ১৪ জুলাই স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের অস্ত্রোপচারের কার্যক্রম শুরু হয়। কিন্তু গাইনি শল্যবিদ না থাকায় প্রায় চার মাস ধরে অস্ত্রোপচারের কার্যক্রম বন্ধ রয়েছে। যন্ত্রকারিগরের অভাবে প্রায় ১৫ লাখ টাকা দামের এক্স-রে যন্ত্রটি অকেজো হওয়ার উপক্রম হয়েছে।ভারপ্রাপ্ত আরএমও মো. মহিউদ্দিন জানান, তিনি মূলত অবেদনবিদ হলেও চিকিৎসকসংকটের কারণে তাঁকে আরএমও এবং জরুরি বিভাগে রোগী দেখাসহ নানা দায়িত্ব পালন করতে হচ্ছে। বহির্বিভাগে প্রতিদিন সেবা দিতে গিয়ে তাঁকে ও হোসনে আরাকে হিমশিম খেতে হচ্ছে। তা ছাড়া জরুরি বিভাগ ২৪ ঘণ্টা খোলা থাকায় এখানেও দিনরাত যন্ত্রের মতো কাজ করতে হচ্ছে।হাসপাতালের এক কর্মচারী জানান, স্বয়ংসম্পূর্ণ ডেন্টাল ইউনিট থাকলেও দন্ত শল্যবিদের অভাবে এ বিভাগের কাজক্রমও বর্তমানে বন্ধ। হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন চৌধুরী বলেন, চিকিৎসক দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন জানানো হলেও কোনো কাজ হচ্ছে না। কক্সবাজারের সির্ভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া প্রথম আলোকে বলেন, তাঁরা অন্য উপজেলা থেকে কয়েকজন চিকিৎসককে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার চেষ্টা করছেন।