জনবলসংকটে চালু হচ্ছে না বর্ষিজোড়া ইকোপার্ক
জনবলসংকটে মৌলভীবাজারে বর্ষিজোড়া ইকোপার্কটি চালু করা সম্ভব হচ্ছে না। প্রায় ৯০০ একর আয়তনের এই ইকোপার্কটির দায়িত্বে আছেন মাত্র দুজন কর্মকর্তা-কর্মচারী। এতে ইকোপার্কটি অনেকটাই অরক্ষিত হয়ে পড়ছে। নিরাপত্তাব্যবস্থা না থাকায় ইকোপার্কে ঘুরতে আসা পর্যটকেরা প্রায়ই বখাটে ও ছিনতাইকারীর কবলে পড়ছেন।
সরেজমিনে দেখা গেছে, ইকোপার্কে ঢোকার ফটকটি বন্ধ। টিকিট কাউন্টারের জন্য নির্মিত ভবনের পূর্ব পাশের সরু পথে ভেতরের রাস্তা দিয়ে পথচারী ও মোটরসাইকেল আসা–যাওয়া করছে। ইকোপার্কের দক্ষিণ-পূর্ব দিকের কড়ালি টিলার লোকজন এই রাস্তা দিয়ে মৌলভীবাজার শহরে আসা–যাওয়া করেন। কড়ালি টিলা এলাকার লোকজন বনের ভেতর থেকে শুকনো পাতা কুড়িয়ে নিচ্ছেন।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার শহর থেকে প্রায় দুই কিলোমিটার দক্ষিণে মিশ্র-চিরহরিৎ প্রাকৃতিক বনে গড়ে তোলা হয়েছে বর্ষিজোড়া ইকোপার্ক। বন্য প্রাণী ও উদ্ভিদবৈচিত্র্য সংরক্ষণ এবং পর্যটকদের আকর্ষণ করতে ২০০৬ সালের জুলাই মাসে সংরক্ষিত এই বনভূমিকে ইকোপার্ক ঘোষণা করা হয়েছে। ৮৮৭ একর জায়গা নিয়ে গড়ে তোলা এই পার্কে ২০০৬-০৭ অর্থবছরে দুটি দুই কক্ষবিশিষ্ট ইকো কটেজ, চারটি পিকনিক স্পট, দুটি পর্যবেক্ষণ টাওয়ার, চারটি নিরাপত্তাচৌকি, পাঁচটি গণশৌচাগার, একটি টিকিট কাউন্টার ও একটি তোরণ নির্মাণ করা হয়েছে। এতে প্রায় সোয়া কোটি টাকা ব্যয় হয়। কিন্তু অবকাঠামোগত কাজ শেষ হওয়ার পরও পর্যটকদের সুযোগ-সুবিধা বাড়ানো ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়নি। জনবলসংকটের কারণে এখনো এটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়নি। তবে পর্যটকেরা এখানে ইচ্ছেমতো আসা–যাওয়া করছেন। প্রবেশাধিকার নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। নিরিবিলি স্থান হিসেবে এবং শহরের পাশে হওয়ায় অনেক পর্যটক এখানে ঘুরতে আসেন।
বর্তমানে দায়িত্বে আছেন একজন বিট কর্মকর্তা ও একজন বাগান মালি। এই বিট কর্মকর্তা আবার হাকালুকি বিটেরও দায়িত্বে। তাঁকে (বিট কর্মকর্তা) বর্ষিজোড়া ও হাকালুকি এই দুই জায়গাতেই ছোটাছুটি করতে হচ্ছে।
বর্ষিজোড়া ইকোপার্কের বাগান মালি মো. আলী হায়দার প্রথম আলোকে বলেন, ‘অনেকে বেড়াতে পার্কে আসে। কিন্তু নিরাপত্তাব্যবস্থা না থাকায় বাইরে থেকে কিছু ছেলে জঙ্গলের ভেতরে এসে পর্যটকদের মুঠোফোন ও টাকা ছিনতাই করে। কয়েক দিন আগে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আমি একা মানুষ, কোন দিকে যাব। বনটি এখন অনেকটাই অরক্ষিত অবস্থায় আছে।’
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বর্ষিজোড়া ইকোপার্কে সচরাচর বানর, বনবিড়াল, মেছো বাঘ ও বিভিন্ন ধরনের সাপ চোখে পড়ে। পাখির মধ্যে প্যাঁচা, ঘুঘু, বক, কাক ইত্যাদির দেখা মেলে বেশি।
বর্ষিজোড়া ইকোপার্কের কাছে প্রজাপতির ছবি তুলছিলেন বন্য প্রাণী গবেষক ও আলোকচিত্রী তানিয়া খান। তিনি প্রথম আলোকে বলেন, ‘বর্ষিজোড়া ইকোপার্ক প্রাণিবৈচিত্র্যে সমৃদ্ধ একটি বন। এখানে গন্ধগোকুল, শূকর, বনমোরগসহ অনেক রকম স্তন্যপায়ী প্রাণী আছে। খাদ্যের অভাবে এরা অনেক সময় বনের বাইরে চলে আসে। জনসাধারণের হাঁস-মুরগি ধরে নেয়। ইকোপার্কে বন্য প্রাণীর খাদ্যের জোগান বাড়ানো গেলে এরা হয়তো আর বনের বাইরে আসবে না। এখানকার উদ্ভিদ ও প্রাণিবৈচিত্র্য সংরক্ষণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার।’
বর্ষিজোড়া ইকোপার্কের বিট কর্মকর্তার দায়িত্বে থাকা বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, ‘জনবলসংকটের কারণে এখনো ইকোপার্ক আনুষ্ঠানিকভাবে চালু করা যায়নি। আমরা মাত্র দুজন আছি। এর মধ্যে আমাকে হাকালুকি বিটও দেখতে হচ্ছে। পার্কটির সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিরাপত্তার জন্য ন্যূনতম সাতজন লোক দরকার। অর্থ বরাদ্দও নাই যে স্থানীয়ভাবে লোক নিয়োগ দেওয়া যাবে। বিচ্ছিন্নভাবে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে। তবে পার্ক চালু হলে ট্যুরিস্ট পুলিশ আসবে। তখন এ সমস্যা থাকবে না।’