জনবলসংকটে চিকিৎসা সেবা ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনবলসংকটসহ নানা কারণে ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।
সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবিকাসহ কর্মচারীর ৩৯টি পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ১১ জন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ৩১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে গড়ে প্রতিদিন ৩৫০ থেকে ৪০০ রোগী চিকিৎসা নেয়। গড়ে প্রতিদিন ৬০ জন রোগী ভর্তি থাকে। কিন্তু এত রোগীকে প্রয়োজনীয় সেবা দেওয়ার জন্য যে জনবল থাকার প্রয়োজন তা নেই। এতে খুঁড়িয়ে চলছে হাসপাতালটি।
সূত্র জানায়, হাসপাতালে সেবিকার ১১টি পদের মধ্যে আটটিই শূন্য। আয়ার দুটি পদের মধ্যে একটি শূন্য। ঝাড়ুদারের পাঁচটি পদের মধ্যে তিনটিই খালি। এমএলএসএসের চারটি পদের মধ্যে তিনটি শূন্য। ইপিআই টেকনিশিয়ানের পদ অনেক দিন ধরে খালি। জুনিয়র মেকানিকের পদও খালি। বাগান মালির একমাত্র পদ শূন্য। ওয়ার্ড বয়ের তিনটি পদের মধ্যে একটি শূন্য। দুজন নৈশপ্রহরীর মধ্যে কর্মরত আছেন একজন। তাঁকে আবার দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন শেষে রাতে সাত কিলোমিটার দূরে মঙ্গলকান্দি ২০ শয্যার হাসপাতালে দায়িত্ব পালন করতে হয়। ল্যাব টেকনিশিয়ানের দুটি পদের মধ্যে একটি শূন্য। দীর্ঘদিন ধরে পরিসংখ্যানবিদের পদ খালি। অফিস সহকারীর তিনটি পদের সবগুলোই শূন্য। স্টোরকিপারের একমাত্র পদটিও শূন্য পড়ে আছে। কুক-মশালচির দুটি পদের মধ্যে একটি শূন্য।
এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন দন্ত ইউনিট নেই। ডেন্টাল সার্জন তামান্না জহুর আট মাস ধরে প্রেষণে চট্টগ্রাম জেলারেল হাসপাতালে ও ডেন্টাল টেকনোলজিস্ট পাঁচ বছর ঢাকার ফুলবাড়িয়ায় কর্মচারী কল্যাণ হাসপাতালে কর্মরত।
স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্র দীর্ঘদিন থেকে নষ্ট। এক্স-রে টেকনিশিয়ানের পদও শূন্য।
হাসপাতালে জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি), অবেদনবিদ, আবাসিক চিকিৎসা কর্মকর্তার পদও খালি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছারোয়ার জাহান বলেন, চিকিৎসকের কিছু পদ শূন্য থাকলেও সম্প্রতি পাঁচ চিকিৎসা কর্মকর্তা যোগ দিয়েছেন। এতে রোগী দেখায় অসুবিধা হচ্ছে না। তিনি বলেন, জনবলসংকট সম্পর্কে বিভিন্ন সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু পদগুলো পূরণ করা হয়নি।
ছারোয়ার জাহান বলেন, জনবলসংকটের কারণে তাঁদের নানা ধরনের সমস্যায় পড়তে হচ্ছে।