জনবলসংকটে তদারকি কার্যক্রম ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে জনবলসংকট প্রকট আকার ধারণ করেছে। এখানে সাতজন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পদের মধ্যে চারটিই শূন্য রয়েছে। এতে মাঠপর্যায়ে বিদ্যালয় তদারকিসহ দাপ্তরিক কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের এই উপজেলায় ১৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এ ছাড়া আরও দেড় শতাধিক বিদ্যালয়ে চলছে প্রাক্-প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম। এসব বিদ্যালয়ের কার্যক্রম তদারকের জন্য এখানে সাতটি তদারক এলাকার (ক্লাস্টার) জন্য সাতজন সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিইও) থাকার কথা। কিন্তু আছেন তিনজন। বাকি চারটি পদ দীর্ঘদিন ধরে শূন্য। উদ্ভূত পরিস্থিতে একেকজন এটিইওকে তাঁদের জন্য নির্দিষ্ট তদারক এলাকা ছাড়াও আরও একাধিক এলাকার তদারকের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এর মধ্যে এটিইও জহিরুল ইসলামকে তিনটি এবং গোলাম রব্বানী ও আমিনুল ইসলাম খানকে দুটি করে ক্লাস্টারের দায়িত্ব দেওয়া হয়েছে। এতে ওই তিনজন এটিইওর পক্ষে উপজেলার ১৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় সুষ্ঠুভাবে পরিদর্শন ও তদারক করা সম্ভব হচ্ছে না।
এ প্রসঙ্গে এটিইও জহিরুল ইসলাম বলেন, ‘একটি ক্লাস্টারের দায়িত্বে থাকার কথা থাকলেও আমাকে এখন তিনটি ক্লাস্টারের অধীন ৭৫টি বিদ্যালয় দেখাশোনা করতে হচ্ছে। এতে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খাচ্ছি। এ নিয়ে খুব বিপদে আছি।’ এটিইও গোলাম রব্বানী বলেন, ‘দুজনের দায়িত্ব একজনে পালন করতে হচ্ছে। দুটি ক্লাস্টারের ৬০টি বিদ্যালয় সঠিকভাবে পরিদর্শনের জন্য যে সময় দেওয়া দরকার তা সম্ভব হয় না।’ অপর এটিইও আমিনুল ইসলাম খান বলেন, দুটি ক্লাস্টারের ৪৭টি বিদ্যালয় পরিদর্শন ও এগুলোর শ্রেণিশিখন-শেখানো কার্যক্রম পর্যবেক্ষণে সমস্যা হয়। এর জন্য সব সময় চাপের মধ্যে থাকতে হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার একাধিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বলেন, একাধিক ক্লাস্টারের দায়িত্বে থাকা এটিইওরা বিদ্যালয় পরিদর্শন ও তদারকে আগের মতো সময় দিতে পারেন না। এতে বিদ্যালয়ের পাঠদানের মানোন্নয়নসংক্রান্ত যাবতীয় কাজকর্ম ব্যাহত হচ্ছে।
এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের গুরুত্বপূর্ণ উচ্চমান সহকারীর পদটিও দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এতে দাপ্তরিক কাজও ব্যাহত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইমদাদুল হক বলেন, জনবলসংকটে দাপ্তরিক কাজকর্মসহ মাঠপর্যায়ে সুষ্ঠুভাবে বিদ্যালয় পরিদর্শন ও পর্যবেক্ষণ কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এ ছাড়া বিদ্যালয়গুলোতে পড়াশোনাও ব্যাহত হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এটিইও পদে নতুন নিয়োগ হলে এ সমস্যা থাকবে না।