জনবলসংকটে পটিয়া বিদ্যুৎ কার্যালয়ের কার্যক্রম ব্যাহত
জনবলসংকটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পটিয়া বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অবস্থা এতটাই খারাপ যে কোনো গ্রাহকের বাড়ির বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে সেই সংযোগ ঠিক করতে এক সপ্তাহ লেগে যাচ্ছে। এখানে সব মিলিয়ে কর্মকর্তা ও কর্মচারীর ১৫১টি পদ আছে। এর মধ্যে ৮০টি পদ দীর্ঘদিন ধরে শূন্য। খোঁজ নিয়ে জানা গেছে, এখানে সহকারী প্রকৌশলীর চারটি, উপসহকারী প্রকৌশলীর ছয়টি ও কর্মচারীদের ৫৮টি পদ শূন্য। জানা গেছে, কর্ণফুলী সেতুর কাছে মইজ্যার টেকে একটি অভিযোগকেন্দ্রে বসেন তিন উপসহকারী প্রকৌশলী। অথচ এখানে মাত্র একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর থাকার কথা। চট্টগ্রাম শহর থেকে এটি অনেক কাছে হওয়ায় প্রায় ২০ কিলোমিটার দূরে পটিয়া যাওয়ার চেয়ে সেতুর ওপারেই বসে থাকতে পছন্দ করেন তাঁরা। নিয়মিত দাপ্তরিক কাজের পাশাপাশি বিদ্যুৎ লাইন মেরামত, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করাসহ গ্রাহকের নানা সমস্যা সমাধান করতে প্রকৌশলীদের প্রয়োজন হয়, কিন্তু তাঁদের অনুপস্থিতির কারণে গ্রাহকেরা নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। পটিয়া বিক্রয়কেন্দ্রের অধীনে ১৯ হাজার গ্রাহক রয়েছেন। এ ছাড়া এই কেন্দ্র থেকেই চট্টগ্রাম দক্ষিণের সাত উপজেলার বিদ্যুৎ বিতরণ কার্যক্রম নিয়ন্ত্রণ করা হয়। পটিয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী ঊগা প্রু বলেন, পটিয়া বিদ্যুৎ বিতরণ বিভাগে যে তিনজন সহকারী প্রকৌশলী অফিসে আসেন না তাঁরা পশ্চিম পটিয়ার তিনটি ফিডারের দায়িত্বে আছেন। কিন্তু সেখানে বসে তাঁদের অফিস করার নিয়ম নেই। লোকবলসংকটের বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।