জনবলসংকটে পণ্য ছাড়ে সময় নষ্ট হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেমিনারে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান
সেমিনারে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান

চট্টগ্রাম কাস্টম হাউসে জনবলসংকটের কারণে বন্দর থেকে পণ্য ছাড় করতে সময় নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। সময় নষ্ট হওয়ার কারণে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম কাস্টম হাউস মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে এ অভিযোগ করেন কাস্টমস ব্যবহারকারীরা।
জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন চট্টগ্রামের বিভিন্ন দপ্তরের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। এ বছর দিবসের প্রতিপাদ্য ছিল ‘তথ্য-উপাত্তের পর্যালোচনা, কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা’।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান। বক্তব্য দেন স্থানীয় সাংসদ এম এ লতিফ, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল, রাজস্ব বোর্ডের সদস্য মো. রেজাউল হাসান, কাস্টমস দিবস উদ্‌যাপন কমিটির আহ্বায়ক সৈয়দ গোলাম কিবরীয়া।

কাস্টমস কমিশনার এ এফ এম আবদুল্লাহ খানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন অতিরিক্ত কমিশনার শওকত আলী।

সেমিনারে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান বলেন, জনবান্ধবের পাশাপাশি এই সরকার ব্যবসাবান্ধবও। ব্যবসাবান্ধব নানা পদক্ষেপ নিয়েছে এই সরকার। এখন শুধু এগিয়ে যাওয়ার সময়।

সাংসদ এম এ লতিফ বলেন, বন্দরের অভ্যন্তরে পণ্যজটের চাপ বাড়ছে। নিলামযোগ্য তিন হাজার কনটেইনার পণ্য সরিয়ে নেওয়া না হলে বন্দরে কনটেইনারের চাপ কমানো যাবে না।

চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, ব্যবসায়ীরা যাতে ঝামেলামুক্ত পরিবেশে ব্যবসা করতে পারেন কিংবা সেবা নিতে গিয়ে যাতে হয়রানির শিকার না হন, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

সেমিনারে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম আকতার হোসেন বলেন, লোকবলসংকটের কারণে এখন পণ্য ছাড় করতে গিয়ে সময় নষ্ট হচ্ছে।

কাস্টমস সূত্র জানায়, কাস্টম হাউসে অনুমোদিত জনবল ১ হাজার ২৪৮ জন। এর মধ্যে কর্মরত রয়েছেন ৫৬৭ জন। সেমিনারে কাস্টমস কমিশনার এ এফ এম আবদুল্লাহ খান বলেন, কর্মকর্তা পর্যায়ে চাহিদার ৩০ শতাংশ জনবল দিয়ে কাস্টম হাউস চলছে।