জনবলসংকটে বিদেশগামী ব্যক্তিদের নিবন্ধনে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে জনবলসংকটের কারণে কাজের জন্য বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিরা নাম নিবন্ধন করাতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন। নাম নিবন্ধনের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এই কার্যালয় থেকেই লক্ষ্মীপুর জেলার বিদেশগামী ব্যক্তিদেরও নাম নিবন্ধন করাতে হয়।
নোয়াখালী শহরের মাইজদী বাজার এলাকায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়। গতকাল সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, নিবন্ধন করাতে ব্যক্তিদের লাইন কার্যালয়ের সীমানাপ্রচীরের বাইরে চৌমুহনী-সোনাপুর সড়ক পর্যন্ত পৌঁছেছে। প্রায় সাত শ লোক লাইনে দাঁড়ানো। তাঁদের কেউ দুই ঘণ্টা কেউবা তিন ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। লাইনে দাঁড়ানো ব্যক্তিদের একজন লক্ষ্মীপুরের সিরাজ মিয়া। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর ভিসার মেয়াদ আছে মাত্র দুই দিন। নাম নিবন্ধনের জন্য ভিসা, পাসপোর্টের কপিসহ প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিয়েছেন। গতকাল দুপুর পর্যন্ত নিবন্ধন হয়নি তাঁর। এ অবস্থায় কী করবেন বুঝতে পারছেন না তিনি।
একই অভিযোগ করেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের সালাউদ্দিন, রুবেল হোসেন ও সহিদুল ইসলাম এবং কোম্পানীগঞ্জের মুছাপুরের সাদ্দাম হোসেনের। তাঁদের অভিযোগ, সব কাগজপত্র জমা দেওয়ার পর লাইনে দাঁড়াতে বলা হয়। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েই থাকেন, তাঁদের ডাকা হয় না। অথচ তাঁদের পরে অনেকে কাগজপত্র জমা দিয়ে দালালের মাধ্যমে আঙুলের ছাপ (নিবন্ধন) দিয়ে চলে গেছেন। তাঁদের অভিযোগ, কার্যালয়ের কারও সহযোগিতা ছাড়া দালালেরা ওই কাজ করতে পারার কথা নয়।
জনশক্তি কার্যালয় সূত্র জানায়, প্রতিদিন গড়ে ছয়-সাত শ বিদেশগামী ব্যক্তি নাম নিবন্ধনের জন্য ভিসা, পাসপোর্টের কপিসহ পে-অর্ডার জমা দিতে আসেন। কিন্তু জনবলসংকটের কারণে দিনে সাড়ে তিন-চার শর বেশি লোকের নাম নিবন্ধন ও আঙুলের ছাপ নেওয়া সম্ভব হয় না।
সূত্র আরও জানায়, গত ডিসেম্বরের শেষের দিকে হঠাৎ বিদেশগামী ব্যক্তিদের নাম নিবন্ধনের হার বেড়ে যায়। গত প্রায় আড়াই মাসে এই কার্যালয় থেকে ১৮ হাজার ৮৮৭ জন নাম নিবন্ধন করিয়েছেন। আঙুলের ছাপ নেওয়ার যন্ত্র মাত্র দুটি হওয়ায় কেউ কেউ দেরি দেখে ঢাকায় গিয়েও নাম নিবন্ধন করেন।
জনবলসংকটের কথা স্বীকার করলেও দালালদের তৎপরতার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন নোয়াখালী জেলা জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক লুৎফর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, দালাল কেউ থাকলে তা কার্যালয়ের সীমানাপ্রচীরের বাইরে থাকতে পারে। দালালদের ভেতরে ঢোকার সুযোগ নেই। এই কার্যালয়ে মোট পদের সংখ্যা ১৯টি। কর্মরত আছেন আটজন। সবার কাজের গতিও সমান নয়। এতে নিবন্ধনের গতি কিছুটা কম হতে পারে।