খুলনা মেডিকেল কলেজ হাসপাতালকে সাড়ে তিন বছর আগে পাঁচ শ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হলেও আনুষঙ্গিক সুবিধা বাড়ানো হয়নি। প্রয়োজনীয়সংখ্যক চিকিৎসক, সেবিকা ও ওয়ার্ডবয় নেই। পাশাপাশি প্রশাসনিক ক্ষেত্রেও রয়েছে চরম জনবলসংকট। নেই নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) ও বার্ন ইউনিট। হাসপাতালের তত্ত্বাবধায়ক কাজী হামিদ আসগার বলেন, ‘এই হাসপাতালে রোগীর চাপ অনেক। কিন্তু জনবলসংকটের কারণে রোগীদের চিকিৎসাসেবা দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। জনবলসংকটের বিষয়টি একাধিকবার মন্ত্রণালয়ে জানানো হয়েছে।’ হাসপাতাল সূত্রে জানা যায়, ১৯৮৯ সালে নগরের বয়রা এলাকায় আড়াই শ শয্যাবিশিষ্ট এ হাসপাতাল চালু হয়। রোগীদের চাপ সামলাতে ২০০৭ সালের জুন মাসে এটিকে পাঁচ শ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু সে অনুযায়ী আনুষঙ্গিক সুবিধাদি বাড়ানো হয়নি। পাঁচ শ শয্যার হাসপাতালে চিকিৎসক, সেবিকা, কর্মকর্তা-কর্মচারী মিলে জনবল থাকার কথা ৮৫৫ জন। কিন্তু এই হাসপাতালে বর্তমানে আছেন ৩৫০ জন। সরেজমিনে দেখা গেছে, সাত-আট শ রোগীর বিপরীতে এখানে চিকিৎসক আছেন অন্তর্বিভাগ ও বহির্বিভাগ মিলিয়ে মাত্র ৬২ জন। ইন্টার্ন চিকিৎসক ৭৫ জন ও সেবিকা রয়েছেন ১৫৫ জন। সবচেয়ে জনবলসংকট চলছে প্রশাসনিক বিভাগে। ন্যূনতম ১৮ জন অফিস সহকারী থাকার কথা, কিন্তু আছেন মাত্র দুজন। নেই কোনো দক্ষ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাবরক্ষণ কর্মকর্তা। হাসপাতালের জরুরি বিভাগে ১০ জন চিকিৎসকের জায়গায় আছেন মাত্র তিনজন। চাপ সামলাতে এখানে ইন্টার্ন ও অনারারি চিকিৎসকদের দায়িত্ব পালন করতে হয়। প্রতিটি ওয়ার্ডে একজন করে রেজিস্ট্রার থাকার কথা। অথচ এখানে মেডিসিন ওয়ার্ড ছাড়া অন্য কোনো ওয়ার্ডে রেজিস্ট্রার নেই। এদিকে হাসপাতালের সিটি স্ক্যানিং মেশিনটি প্রায় এক মাস ধরে অকেজো। মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি) এস এম আলতাফ হোসেন জানান, মেশিনটি মেরামত করতে লাগবে প্রায় সাড়ে ১৪ লাখ টাকা। চলতি অর্থবছরে মেশিন মেরামত খাতে অর্থ বরাদ্দ না দেওয়ায় এটি মেরামত করা সম্ভব হচ্ছে না। সিটি স্ক্যানিং মেশিন না থাকায় রোগীদের দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। বাইরে গিয়ে গুনতে হচ্ছে প্রায় দ্বিগুণ অর্থ। জানা যায়, ২০০৯ সালের ২৬ জুন হাসপাতাল পরিদর্শনে এসে স্বাস্থ্যমন্ত্রী জরুরি ওয়ার্ড, বার্ন ইউনিট, আইসিইউ, সিসিইউসহ বহুতল ভবন নির্মাণের প্রতিশ্রুতি দেন। কিন্তু স্বল্প পরিসরে সিসিইউ ওয়ার্ড ছাড়া আর কোনো কার্যক্রম চালু হয়নি।