জনবলসংকটের কারণে চিকিৎসাসেবা ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবলসংকটের কারণে নাটোরের লালপুর উপজেলার নয়টি সরকারি স্বাস্থ্য ও উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার বিলমাড়িয়া ও ওয়ালিয়া ইউনিয়নে একটি করে উপস্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এখানে একজন করে চিকিৎসা কর্মকর্তার পদ রয়েছে। উভয় কেন্দ্রেই এই পদটি শূন্য রয়েছে। অন্য সাতটি ইউনিয়নে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রের প্রতিটিতে একজন করে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, একজন সহকারী সার্জন, একজন ফার্মাসিস্ট, একজন পরিবারকল্যাণ পরিদর্শক, একজন পরিবার পরিকল্পনা পরিদর্শক, একজন নৈশ প্রহরী এবং একজন করে আয়ার পদ রয়েছে। এগুলোর মোট ৬১টি পদের মধ্যে ১৯টি পদই বর্তমানে শূন্য রয়েছে।দুয়ারিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও আয়ার পদ শূন্য রয়েছে। এখানে সহকারী সার্জন হিসেবে কাগজ-কলমে রয়েছেন চিকিৎসক আবদুর রাজ্জাক। তিনি দায়িত্ব পালন করেন উপজেলা পরিবার পরিকল্পনাকেন্দ্রে।কদিমচিলান ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে ফার্মাসিস্ট, সহকারী সার্জন, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও নৈশ প্রহরীর পদ শূন্য রয়েছে। দুড়দুড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে ফার্মাসিস্ট, সহকারী সার্জন, আয়া ও নৈশ প্রহরীর পদ শূন্য রয়েছে। এবি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে সহকারী সার্জন ও আয়ার পদ শূন্য রয়েছে। এই কেন্দ্রে পানির ব্যবস্থা নেই পাঁচ বছর ধরে। বিদ্যুৎ নেই প্রতিষ্ঠালগ্ন থেকেই। চংধুপইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে সহকারী সার্জন, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও আয়ার পদ শূন্য রয়েছে। ঈশ্বরদী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে সহকারী সার্জন, ফার্মাসিস্ট, ও নৈশ প্রহরীর পদ শূন্য রয়েছে।স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় জনবল এবং পানি ও বিদ্যুতের সমস্যার কথা স্বীকার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, এসব ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পর্যায়ক্রমে সব সমস্যা সমাধান করা হবে।