জনবলে আটকে আছে বন্দীদের চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোগ নির্ণয়ের প্রয়োজনীয় যন্ত্র থাকার পরও কেবল জনবল না থাকায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার হাসপাতালে চিকিৎসাধীন বন্দীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। ছোটখাটো পরীক্ষা-নিরীক্ষার জন্যও তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অথচ চার বছর ধরে কারা হাসপাতালের এক্স-রে, মাইক্রোস্কোপসহ রোগ নির্ণয়ের সাতটি যন্ত্র জনবলের অভাবে চালু করা যাচ্ছে না।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার হাসপাতালে চিকিৎসকের সংকটও প্রকট। ১০০ শয্যার এই হাসপাতালে চিকিৎসকের পদ মাত্র দুটি। কিন্তু কর্মরত রয়েছেন একজন। চট্টগ্রাম কারাগারে বন্দী রয়েছেন ৪ হাজার ৯৯৭ জন। এর মধ্যে ২০১ জন নারী। এর বাইরে চট্টগ্রাম কারা হাসপাতালে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজারসহ ছয়টি জেলার কারাগার থেকেও বন্দীরা উন্নত চিকিৎসা নিতে আসেন।
কারা কর্তৃপক্ষ সূত্র জানায়, চিকিৎসাধীন কোনো বন্দীকে কারাগার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হলে কারারক্ষী ও পুলিশ পাহারার প্রয়োজন হয়। নিরাপত্তার বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত হাসপাতালে যেতে অপেক্ষায় থাকতে হয় বন্দীদের।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহাবুবুল ইসলাম প্রথম আলোকে বলেন, কারা হাসপাতালে থাকা এক্স-রে মেশিনসহ রোগ নির্ণয়ের বিভিন্ন সরঞ্জাম চার বছর ধরে পড়ে আছে। এগুলো চালুর জন্য জনবল দিতে কারা অধিদপ্তরের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হলেও জনবল পাওয়া যায়নি। কারা হাসপাতালে রোগ নির্ণয় করতে না পারায় বন্দীদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হচ্ছে। কিন্তু কারারক্ষী ও পুলিশ পাহারা ছাড়া বন্দীদের হাসপাতালে পাঠানো যায় না। এ জন্য বন্দীদের রোগ নির্ণয় করতে অনেক সময় লেগে যায়। প্রয়োজনের তুলনায় কারারক্ষীর সংখ্যাও কম রয়েছে।
চট্টগ্রাম কারা হাসপাতালের চিকিৎসক মো. মোস্তাফিজুর রহমান জানান, এক্স-রে মেশিনসহ সাতটি পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জাম ২০১১ সালের ১০ অক্টোবর কারাগারে পাঠানো হয়েছিল। কিন্তু জনবল না থাকায় চালু হয়নি। পরীক্ষা করে রোগ নির্ণয় ছাড়া বন্দীদের চিকিৎসা দেওয়া যাচ্ছে না। তাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হয় তাদের। ল্যাব টেকনোলজিস্ট ও রেডিও ইমেজিং টেকনোলজিস্ট জরুরি ভিত্তিতে দরকার। দীর্ঘদিন পড়ে থাকায় যন্ত্রপাতিগুলোও নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বারবার জানানো হলেও জনবল পাওয়া যাচ্ছে না।
কারা সূত্র জানায়, চট্টগ্রাম কারা হাসপাতালে ডায়াবেটিস পরীক্ষা ছাড়া আর কোনো পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই। মাত্র একজন চিকিৎসক ও দুজন ফার্মাসিস্ট দিয়ে কোনো রকমে বন্দীদের চিকিৎসা চালানো হচ্ছে। নারী চিকিৎসক না থাকায় নারী বন্দীদেরও সমস্যা হচ্ছে। প্রতিদিন গড়ে এ হাসপাতালে ৯০ থেকে ৯৫ জন বন্দী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।
চট্টগ্রাম কারা হাসপাতালের চিকিৎসক মো. মোস্তাফিজুর রহমান জানান, হাসপাতালে কমপক্ষে আরও ১০ জন চিকিৎসক দরকার। জরুরি ভিত্তিতে দরকার একজন নারী চিকিৎসক। বাইরের ১০০ শয্যার হাসপাতালে কমপক্ষে ৩০ থেকে ৩৫ জন চিকিৎসক থাকেন।