সাংবিধানিকভাবে প্রয়োজনীয় আইনের অচলাবস্থা
জনবলের অভাবে খসড়ার কাজ মন্ত্রণালয়কে দিয়ে দিচ্ছে কমিশন
জনবলের অভাবে উচ্চ আদালতের বিচারপতি ও নির্বাচন কমিশনার নিয়োগের বিধানসহ সাংবিধানিকভাবে প্রয়োজনীয় অন্যান্য আইনের খসড়া প্রণয়ন করতে পারছে না আইন কমিশন। সাধারণভাবে জনবলসংকট ছাড়াও আইনের খসড়া প্রণয়নকারী না থাকায় কমিশন এ কাজটি আইন মন্ত্রণালয়কে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে মন্ত্রণালয়কে তারা প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে। আইন কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে আলাপ করে জানা গেছে, তাঁরা সংবিধানে উল্লেখ আছে কিন্তু বাস্তবায়িত হয়নি এমন আইনগুলো নিয়ে প্রাথমিক আলোচনা করেছেন। এর মধ্যে সাংসদ ও সংসদীয় কমিটির বিশেষ অধিকার এবং সুপ্রিম কোর্টের বিচারপতি ও নির্বাচন কমিশনার নিয়োগসংক্রান্ত আইনগুলোকে অগ্রাধিকার দিয়ে সরকারের কাছে সুপারিশ পাঠানো হবে।গত ১৩ জুন আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি থেকে সাংবিধানিক তাগিদ থাকা আইনগুলোর খসড়া দ্রুত প্রণয়নের চাহিদা জানিয়ে আইন কমিশনে চিঠি পাঠানো হয়। এর আগে ২৪ মে কমিটির এক বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সেদিন সাংবাদিকদের বলেন, ‘সংবিধানে কিছু আইন প্রণয়নের কথা বলা আছে। অথচ ৩৮ বছরেও এসব আইন হয়নি। এটা দুঃখজনক।’ উদাহরণ দিয়ে বর্ষীয়ান এই সাংসদ বলেন, সংবিধানের ৪৬ অনুচ্ছেদে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের কর্মকাণ্ডকে দায়মুক্তি দিয়ে আইন করার কথা বলা হয়েছে। সেই আইনটিও হয়নি। যে কারণে এখন যুদ্ধাপরাধীরা মুক্তিযোদ্ধাদেরও বিচার দাবি করছে। সংসদীয় কমিটির চাহিদা সম্পর্কে আইন কমিশনের চেয়ারম্যান আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, কমিশন আইন-১৯৯৬-এর বিধান অনুযায়ী তাঁরা আইন পরীক্ষা-নিরীক্ষা করে তা সংশোধন বা ক্ষেত্রমতো নতুন আইন প্রণয়নের সুপারিশ করবেন। এ কাজে সহায়তা দেওয়ার জন্য কমিশনের পক্ষে ড্রাফটসম্যান নিয়োগের কথা বলা হয়েছে। কিন্তু কমিশনের নিজস্ব কোনো ড্রাফটসম্যান নেই। মাঝে মন্ত্রণালয়ের একজন কিছুদিন থেকে আবার চলে গেছেন। চেয়ারম্যান জানান, মন্ত্রণালয়ের কাছে একজন ড্রাফটসম্যান চাওয়া হয়েছে, কিন্তু এখনো পাওয়া যায়নি। তাই তাঁদের পক্ষে এসব আইনের খসড়া তৈরি করা সম্ভব নয়। তবে যতটা সম্ভব দিকনির্দেশনা দিয়ে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হবে। মন্ত্রণালয় আইনের খসড়া তৈরি ও চূড়ান্ত রূপদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সংসদীয় কমিটির চাহিদাপত্রে সংবিধানের ৪৯টি অনুচ্ছেদের কথা উল্লেখ করা হয়েছে, যাতে এক বা একাধিক আইন প্রণয়নের কথা বলা হয়েছে। এর মধ্যে বিভিন্ন পর্যায়ে কিছু আইন প্রণয়ন করা হয়েছে। তবে অধিকাংশ গুরুত্বপূর্ণ আইনই হয়নি। সংসদীয় কমিটির চাহিদাপত্রের উল্লেখযোগ্য আইনগুলো হচ্ছে—রাজধানী ঢাকার সীমানা নির্ধারণসংক্রান্ত আইন; সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কারও সদস্যপদ বাতিল হবে কি না, তা নিষ্পত্তির জন্য আইন; সাংসদ ও সংসদীয় কমিটিগুলোর বিশেষ অধিকারসংক্রান্ত আইন; সুপ্রিম কোর্টের বিচারক ও নির্বাচন কমিশনার নিয়োগসংক্রান্ত আইন; প্রজাতন্ত্রের কর্মচারীদের নিয়োগ ও কর্মের শর্তাবলি নিয়ন্ত্রণসংক্রান্ত আইন ইত্যাদি। সংসদ সচিবালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের মতে, বিচার বিভাগ ও নির্বাচন কমিশনসহ সংবিধানে উল্লেখ করা আরও কিছু প্রতিষ্ঠানে নিজেদের সুবিধামতো নিয়োগ এবং কর্মকাণ্ড পরিচালনার জন্য এত দিন কোনো সরকারই এসব আইন প্রণয়নের ক্ষেত্রে আন্তরিক ছিল না। সংসদীয় কমিটির বৈঠকে অধিকাংশ সদস্য এই মত পোষণ করেছেন বলে সূত্র জানিয়েছে। প্রসঙ্গত, ২০০৬ সালে তখনকার প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ ও অন্য কমিশনারদের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছিল। ভবিষ্যতে যাতে আর নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে প্রশ্ন না ওঠে, সে জন্য বর্তমান নির্বাচন কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে দুই দফায় কমিশনার নিয়োগের যোগ্যতা ও শর্তাবলি নির্ধারণ করে সরকারের কাছে আইনের খসড়া পাঠিয়েছে। কিন্তু এ বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আইন কমিশন সূত্র জানিয়েছে, সংসদীয় কমিটি যে চাহিদাপত্র পাঠিয়েছে, তার মধ্যে মুক্তিযোদ্ধাদের দায়মুক্তি আইনসহ (দি বাংলাদেশ ন্যাশনাল লিবারেশন স্ট্রাগল ইনডেমনিটি অর্ডার ১৯৭২) আরও কিছু আইন এরই মধ্যে হয়ে গেছে। নাগরিকত্ব আইনের খসড়া প্রণয়ন করে তা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সংবিধানের সংশ্লিষ্ট অবশিষ্ট অনুচ্ছেদগুলোও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে যেসব আইন ‘একান্ত প্রয়োজন’, সেগুলোর খসড়া প্রণয়নের জন্য মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠানো হবে।