জনবল না থাকায় দিনাজপুরের পাঁচটি উপজেলায় নবনির্মিত পাঁচটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন চালু করা যাচ্ছে না। এতে অগ্নিকাণ্ড থেকে দ্রুত রক্ষা না পাওয়ায় ওই সব উপজেলাবাসী ক্ষতির সম্মুখীন হচ্ছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দিনাজপুরের সহকারী পরিচালকের কার্যালয়ের দেওয়া তথ্যমতে, নবনির্মিত পাঁচটি ফায়ার সার্ভিস স্টেশন হচ্ছে বিরল, চিরিরবন্দর, খানসামা, কাহারোল ও নবাবগঞ্জ। এসব উপজেলায় বছরে ৮০ থেকে ৮৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নির্মিত প্রতিটিফায়ার সার্ভিস স্টেশনে স্টেশন কর্মকর্তা ১ জন, লিডার (হাবিলদার) ১ জন, চালক ২ জন, ফায়ারম্যান ৮ জন, কুক ১ জন ও পরিচ্ছন্নতাকর্মী ১ জন মিলে মোট ১৪ জন লোক প্রয়োজন।
গণপূর্ত বিভাগ দিনাজপুর কার্যালয় থেকে জানা গেছে, প্রতিটি ফায়ার সার্ভিস স্টেশন প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। এর মধ্যে চিরিরবন্দরেরটি সম্প্রতি এবং বাকি চারটির নির্মাণকাজ ছয় মাস আগেই শেষ হয়েছে।
খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীবুল করিম বলেন, দিনাজপুরের মধ্যে সবচেয়ে বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খানসামায়। ২০১৬-১৭ অর্থবছরে উপজেলায় ১৪২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখানকার গ্রামের বেশির ভাগ বাড়িঘর খড় ও পাটকাঠি দিয়ে তৈরি। গত বছরের ১২ মার্চ ভেরভেরিসরকার পাড়ায় অগ্নিকাণ্ডে ৬২টি এবং এ বছর আলোকঝাড়ি গ্রামে অগ্নিকাণ্ডে ৩৫টি বাড়ি পুড়ে যায়। ওই উপজেলা থেকে দিনাজপুরের দূরত্ব বেশি হওয়ায় অগ্নিকাণ্ডের সময় পার্শ্ববর্তী নীলফামারী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আসতে আসতেই অগ্নিকাণ্ডে সব শেষ হয় যায়। নিঃস্ব হয়ে পড়ে অনেক পরিবার।
বিরলের ইউএনও এ বি এম রওশন কবীর বলেন, সম্প্রতি বিরলে স্থলবন্দর চালু হয়েছে। সেখানে ফায়ার সার্ভিস স্টেশন চালু থাকা জরুরি। বিষয়টি তিনি বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। পুরোদমে স্থলবন্দরের কাজ শুরু হওয়ার আগেই ফায়ার সার্ভিস স্টেশনটি দ্রুত চালু হওয়া প্রয়োজন।
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ফায়ার সার্ভিস স্টেশনটিদ্রুত চালুর জন্য তিনি ফায়ার সার্ভিস বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। গণপূর্ত বিভাগ দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী বাহাদুর আলী জানান, চারটি ফায়ার সার্ভিস স্টেশন ছয় মাস থেকে হস্তান্তর করতে তাঁরা বেশ কয়েকবার লিখিতভাবে সংশ্লিষ্ট কার্যালয়কে তাগাদা দিয়েছেন। আর চিরিরবন্দর ফায়ার সার্ভিস স্টেশনের কাজও সম্প্রতি শেষ হয়েছে। সেটি হস্তান্তরের জন্যও তাঁরা প্রস্তুত রয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দিনাজপুরের সহকারী পরিচালক নূর হাসান আহমেদ জানান, নির্মিত ফায়ার সার্ভিস স্টেশনগুলোতে দ্রুত জনবল দিতে জেলা প্রশাসকের মাধ্যমে এবং সরাসরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়মিত তাগাদা দিয়ে যাচ্ছেন। অচিরেই জনবল দেওয়া হবে।