জনবলের তীব্র সংকট, রোগীদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবলের তীব্র সংকট চলছে। মাত্র ৬ জন চিকিৎসক ও ১১ জন নার্স দিয়ে কোনোমতে চিকিৎসা কার্যক্রম চলছে। এতে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রতিদিন এই হাসপাতালে অন্তত ৫০০ রোগী আসে। শিল্প এলাকা হওয়ায় রোগীর সংখ্যা মাঝে মাঝে ৬০০ ছাড়িয়ে যায়। একটি পূর্ণাঙ্গ ৫০ শয্যার হাসপাতালে কমপক্ষে ২১ জন চিকিৎসক থাকা প্রয়োজন। অথচ এখানে আছেন মাত্র ৬ জন। তা ছাড়া বর্তমানে গাইনি বিভাগে একজন ও সার্জারি বিভাগে আরেকজন কনসালট্যান্ট দিয়ে কাজ চলছে।

গত ২১ জুন সকাল ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে রোগীদের ভিড় দেখা যায়। তখন বিদ্যুৎ ছিল না। মোমবাতি জ্বালিয়ে কাজ চলছিল। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মামুনুর রশিদের কক্ষেও মোমবাতি জ্বলছিল। নিজস্ব বিকল্প বিদ্যুৎব্যবস্থা নেই কেন এমন প্রশ্নের জবাবে আরএমও বলেন, একটি জেনারেটর আছে। তবে তা দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। অধিদপ্তরে জেনারেটর মেরামতের জন্য আবেদন করা হয়েছে। বরাদ্দ এলে জেনারেটর ঠিক করা হবে।

জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা লাইলী আক্তার বলেন, এখানে রোগীর প্রচণ্ড ভিড় হয়। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে সারা দিন চলে যায়। এত বড় একটি উপজেলার জন্য মাত্র কয়েকজন ডাক্তার দিয়ে সেবা দেওয়া কী করে সম্ভব। জান্নাতুল আরাবী বলেন, এ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি বিভাগ আছে, কিন্তু এখানে সিজার হয় না। ৫০ শয্যার কথা বলা হলেও শুধু সাধারণ চিকিৎসা ছাড়া এখানে বড় কোনো অস্ত্রোপচারের ব্যবস্থা নেই। আলতাফ আহমেদ বলেন, তাঁর শিশুর জ্বর। এখানে এসে জানতে পারেন, হাসপাতালে শিশুরোগ বিভাগে কেউ নেই।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এফ এম মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, এলাকাটি শিল্পাঞ্চল হওয়ায় হাসপাতালে রোগীর সংখ্যা তুলনামূলক বেশি। অথচ হাসপাতালে এখনো ৫০ শয্যার সুবিধা নিশ্চিত করা যায়নি। ২০১২ সালে হাসপাতালটিকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও পর্যাপ্ত লোকবল নিয়োগ করা হয়নি। এখনো জুনিয়র কনসালট্যান্ট ছয়টি, মেডিকেল অফিসার পাঁচটি, সিনিয়র স্টাফ নার্স পাঁচটি, প্রধান সহকারী একটি, হেলথ এডুকেটর একটি, কার্ডিওগ্রাফার একটি, কম্পিউটার অপারেটর একটি, অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর একটি, ওটি (অপারেশন থিয়েটার) বয় একটি, ইমার্জেন্সি অ্যাটেনডেন্ট একটি, স্ট্রেচার বেয়ারার একটি, ওয়ার্ড বয় তিনটি, আয়া একটি, বাবুর্চি একটি, নিরাপত্তা প্রহরী একটি ও পরিচ্ছন্নতাকর্মীর একটি পদ শূন্য আছে। তিনি আরও বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে সর্বাধুনিক অপারেশন থিয়েটার থাকলেও প্রয়োজনীয় লোকবলের অভাবে তা চালু করা যায়নি।

সিভিল সার্জন সৈয়দ মোহাম্মদ মঞ্জুরুল হক গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, শিগগিরই সারা দেশে দুই পর্বে ৫ হাজার করে মোট ১০ হাজার ডাক্তার নিয়োগের প্রক্রিয়া হাতে নিয়েছে সরকার। এ ছাড়া নার্স নিয়োগের বিষয়ে দু-এক দিনের মধ্যে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে চাহিদাপত্র নিয়ে তিনি নার্সিং অধিদপ্তরে পাঠাবেন। এ ছাড়া হাসপাতালটির অন্যান্য সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।