জনবল-সংকট নিয়েই চলছে ৮৫টি কোচের মেরামত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরেজমিনে গত রোববার দেখা গেছে, দম ফেলার ফুরসত নেই কারখানার ২৯টি উপকারখানার (শপ) শ্রমিক-কর্মচারীদের। কেউবা কোচে রং, কেউবা ওয়েল্ডিংয়ের কাজ করছেন। আর এসব কাজ তদারক করছেন প্রকৌশলী আর শপ ইনচার্জরা। তবে জনবল সংকট কাজ কিছুটা বিঘ্ন ঘটছে।

কারখানার রং ঘরের শ্রমিক শফিয়ার রহমান বলেন, ‘রং ঘরে অন্তত ৫০০ জন শ্রমিক প্রয়োজন। আমি ২০০৫ সালে চাকরিতে যোগদান করার সময় ১০০ জনের বেশি কর্মরত ছিল এখানে। কিন্তু এখন মাত্র ৪৫ জন রয়েছেন। আমাদের (৪৫ জন) পুরো বিভাগটির কাজ করতে হচ্ছে। কাজের ব্যস্ততা থাকলেও মনে কষ্ট নেই। ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতেই আমরা শ্রম দিচ্ছি।’

কারখানা সূত্র জানায়, রমজান মাসে সকাল সাতটা থেকে বেলা একটা, দেড়টা টা থেকে বিকেল চারটা পর্যন্ত নিয়মিত (রুটিন কাজ) এবং চারটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ওভার টাইম হিসেবে কাজ করে থাকেন শ্রমিক-কর্মচারীরা। তা ছাড়া রমজান বাদে সারা বছর সকাল সাতটা থেকে বেলা সাড়ে ১১টা, দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিয়মিত কাজ চলে এখানে।

তবে জনবল ঘাটতি না থাকলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কোচ মেরামত করা যেত বলে মন্তব্য করেন কারখানার (উপ-শপ) রংঘরের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আরিফুর রহমান।

রেলওয়ে কারখানা সূত্র জানায়, যান্ত্রিক ও বৈদ্যুতিক বিভাগে ৩ হাজার ১৭১ জন শ্রমিকের প্রয়োজন হলেও দুই বিভাগে রয়েছে মাত্র ১ হাজার ২৬২ জন। এঁদের মধ্যে যান্ত্রিকে ২ হাজার ৮৩৪ জনের মধ্যে ১ হাজার ১০৮ এবং বৈদ্যুতিকে ৩৩৭ জনের মধ্যে ১৫৫ জন রয়েছেন। অর্থাভাবেও বিঘ্ন ঘটছে কারখানায় উৎপাদন ও মেরামতকাজে। মালামাল সংগ্রহ খাতে প্রতিবছর প্রায় ৩৯ কোটি টাকার প্রয়োজন হলেও বরাদ্দ পাওয়া যাচ্ছে মাত্র ২২ কোটি টাকা। এত কম টাকায় কাঁচামাল সরবরাহ করে উৎপাদন কাজ করা কষ্টকর।

কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মুহাম্মদ কুদরত-ই-খুদা বলেন, ‘আমরা এবার ঈদুল ফিতরে কারখানা থেকে ৮৫টি কোচ মেরামতের উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে ৩৫টির মেরামতকাজ শেষ হওয়ার পথে। বাকিগুলোও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা যাবে।’

রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন বলেন, কারখানায় এখন প্রধান সমস্যা জনবল সংকট। প্রয়োজনের তুলনায় জনবলের অনেক ঘাটতি নিয়ে কাজ করতে হচ্ছে শ্রমিক-কর্মচারী আর কর্মকর্তাদের।