জনবল-সংকটে কার্যক্রম ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়োজনীয় লোকবল ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা না থাকায় চট্টগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম ব্যাহত হচ্ছে৷ ফলে চট্টগ্রামে পুলিশের দায়ের করা মাদকের মামলার সংখ্যা বাড়লেও কমছে অধিদপ্তরের করা মামলার সংখ্যা। চট্টগ্রাম নগরে মাত্র ১৮ জনকে দিয়ে মাঠপর্যায়ে চলছে মাদক নিয়ন্ত্রণ অভিযান৷
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের দেওয়া হিসাব অনুযায়ী, প্রতিবছরই তাদের করা মামলার সংখ্যা কমছে৷ অধিদপ্তর ২০১১ সালে ৪৪২টি, ২০১২ সালে ৩৯৯টি, ২০১৩ সালে ৩৪৫টি মামলা করেছে। চলতি বছরের মে মাস পর্যন্ত তাদের করা মামলার সংখ্যা ১৫০টি।
অন্যদিকে গত বছর শুধু চট্টগ্রাম নগরেই পুলিশের দায়ের করা মাদকের মামলার সংখ্যা ১৯৭৭টি। এ বছরের প্রথম পাঁচ মাসে মামলা হয়েছে ৯৪৩টি।
যোগাযোগ করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা প্রথম আলোকে বলেন, ৫০ লাখ মানুষের এ নগরে মাত্র ১৮ জনকে দিয়ে মাদকবিরোধী অভিযান চালাতে হচ্ছে। তাঁদের প্রায় সবাইকেই চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মামলার হাজিরায় ব্যস্ত থাকতে হয়। তাই খুব স্বাভাবিকভাবেই কার্যক্রমে কাঙ্ক্ষিত গতি আনা যাচ্ছে না৷
অধিদপ্তর সূত্র বলছে, ভৌগোলিক কারণে চট্টগ্রামে মাদকের বিস্তার অনেক বেশি। কিন্তু সে তুলনায় অধিদপ্তরের লোকবল অনেক কম। অধিদপ্তর হওয়ার পর ২৪ বছরে বাড়েনি পদের সংখ্যা৷ যদিও কাজের পরিধি বেড়েছে বহুগুণ।
জানা গেছে, ১৯৯০ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথকভাবে যাত্রা শুরুর করার পর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের জন্য ৪১টি পদ মঞ্জুর করা হয়। তবে কখনোই পূর্ণ জনবল পাওয়া যায়নি। বর্তমানে ৪১ জনের জায়গায় কাজ করছে ৩১ জন। চট্টগ্রামের ছয়টি সার্কেলে ছয়জন পরিদর্শক থাকার কথা থাকলেও আছেন পাঁচজন। দুটি তত্ত্বাবধায়ক পদের একটি শূন্য।
মুকুল জ্যোতি চাকমা বলেন, ‘শূন্য পদে লোক চেয়ে বেশ কয়েকবার চিঠি দিয়েছি। বর্তমানে নতুন লোক নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন৷ আশা করছি, তখন চট্টগ্রামেও কয়েকজন নিয়োগ পাবেন।’
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনবল-সংকটের সঙ্গে রয়েছে আনুষঙ্গিক সুযোগ-সুবিধার অভাব। পুরো মেট্রো অঞ্চলে গাড়ির সংখ্যা দুটি। কোনো ওয়াকিটকি নেই। অস্ত্র না থাকায় ঝুঁকিপূর্ণ অভিযানে বের হতে পুলিশের দ্বারস্থ হতে হয় কর্মকর্তাদের। ফলে অনেক সময় খবর পেলেও সঠিক সময়ে অভিযান পরিচালনা করা সম্ভব হয় না।
মাদকবিরোধী অভিযান ছাড়াও মামলার তদন্ত, গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, মাদকাসক্তি নিরাময় কেন্দ্র পর্যবেক্ষণ, আমদানি করা রাসায়নিক পণ্যের লাইসেন্স দেওয়াসহ আরও নানা কাজ করতে হয় এ অধিদপ্তরের কর্মকর্তাদের।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক গোলাম কিবরিয়া বলেন, ‘জনবল-সংকটের কারণে কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। তবে আমরা সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছি৷ পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযানও বাড়ানো হয়েছে।’