জনবল-সংকটে কার্যক্রম ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনবল-সংকটের কারণে লালমনিরহাট জিআরপি থানার দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ থানার অধীনে তিনটি জেলার ২১টি রেলওয়ে স্টেশনসহ ২৭৫ কিলোমিটার এলাকা।
এসব জায়গায় আটজন কর্মকর্তাসহ মাত্র ৪১ জন জিআরপি পুলিশ কর্মরত আছে। রেলপথ পাহারা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ নানা কার্যক্রম যথাযথভাবে করার জন্য দ্বিগুণ জিআরপি পুলিশ নিয়োগ দেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন এক কর্মকর্তা।
লালমনিরহাট জিআরপি থানা সূত্রে জানা যায়, লালমনিরহাটের বুড়িমারী, পাটগ্রাম, বাউরা, বড়খাতা, হাতীবান্ধা, ভোটমারী, কাকিনা, আদিতমারী, লালমনিরহাট, মহেন্দ্রনগর, তিস্তা; রংপুর জেলার কাউনিয়া, মীরবাগ, রংপুর, শ্যামপুর, বদরগঞ্জ ও খোলাহাটি এবং কুড়িগ্রাম জেলার রমনাবাজার, উলিপুর, কুড়িগ্রাম ও রাজারহাট—এই ২১টি রেলস্টেশন লালমনিরহাট জিআরপি থানার অধীন।
লালমনিরহাট জিআরপি থানায় একজন পুলিশ পরিদর্শক, একজন উপপরিদর্শক , দুজন সহকারী উপপরিদর্শক (এএসআই), একজন এটিএসআই ও ১৬ জন সিপাহি। এ থানায় আরও একজন এসআই এবং চারজন সিপাহির পদ দীর্ঘদিন ধরে শূন্য আছে। লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার কর্ম এলাকায় অবস্থিত রংপুর রেলস্টেশন পুলিশ ফাঁড়িতে বর্তমানে একজন এসআই, একজন টিএসআই এবং আটজন সিপাহি কর্মরত। আর কাউনিয়া রেলস্টেশন পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন একজন এএসআই ও আটজন সিপাহি।
জিআরপি পুলিশের প্রতিদিন নানা ধরনের কাজ করতে হয়। এর মধ্যে আছে লালমনিরহাট-ঢাকা পথের লালমনি এক্সপ্রেস এবং তিনটি লোকাল ট্রেনে নিরাপত্তার দায়িত্ব পালন করা, জিআরপি থানা ও জিআরপি পুলিশ ফাঁড়ি পাহারা দেওয়া, ট্রেন দুর্ঘটনা ঘটলে বা কেউ ট্রেনে কাটা পড়লে ঘটনাস্থল পরিদর্শন করা, লাশের ময়নাতদন্তের ব্যবস্থা করা, মামলা করা প্রভৃতি। এখন একই সঙ্গে দুই জায়গায় দুর্ঘটনা ঘটলে কিংবা কেউ নিহত হলে এত কমসংখ্যক লোক নিয়ে কাজ করা কঠিন হয়ে পড়ে। লালমনিরহাট-ঢাকা পথের লালমনি এক্সপ্রেস ট্রেনটিতে একজন এসআই ও পাঁচজন সিপাহী, সান্তাহার-লালমনিরহাট-বুড়িমারী, পার্বতীপুর-লালমনিরহাট-বুড়িমারী ও লালমনিরহাট-বুড়িমারী পথের তিনটি ট্রেনের প্রতিটিতে একজন করে পুলিশ কর্মকর্তা ও তিনজন করে সিপাহির দায়িত্ব পালনের কথা। কিন্তু সে জায়গায় কখনো দুজন, কখনো একজন দিয়ে কাজ চালাতে হচ্ছে।