চার বছর আগে রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু প্রয়োজনীয় জনবল না দেওয়ায় এর কার্যক্রম আজ পর্যন্ত চালু করা যায়নি। এ কারণে আধুনিক চিকিৎসা-সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে এলাকার সাধারণ মানুষ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম সরকার বলেন, ‘৫০ শয্যার জন্য অনেক আগে ভবন নির্মাণ করা হলেও প্রয়োজনীয় জনবল, অর্থ বরাদ্দ ও ওষুধ না পাওয়ায় এর কার্যক্রম চালু করা যাচ্ছে না। এটি চালু না হওয়ায় চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা সমস্যায় পড়ছেন।’ তিনি জানান, এ হাসপাতালে হৃদ্রোগ, হাড়, চক্ষু, চর্ম, প্রসূতি, সার্জারিসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন। এ ছাড়া রোগনির্ণয়ের জন্য থাকবে আধুনিক চিকিৎসা সরঞ্জাম।
সিভিল সার্জন মোজাম্মেল হোসেন বলেন, ‘ওই হাসপাতালে ৫০ শয্যার কার্যক্রম চালুর জন্য প্রশাসনিক অনুমোদন এখনো পাওয়া যায়নি। তবে আমরা দ্রুত কার্যক্রম চালুর জন্য সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ অব্যাহত রেখেছি।’
জানা গেছে, একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত বদরগঞ্জ উপজেলা। এ উপজেলায় তিন লক্ষাধিক মানুষের বাস। এলাকার সাধারণ মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
হাসপাতাল সূত্র জানায়, ৩১ শয্যার বিপরীতে প্রতিদিন গড়ে স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ভর্তি থাকে ৬৫-৭০ জন। শয্যার অভাবে অতিরিক্ত রোগীদের ঠাঁই হয় মেঝেতে। বদরগঞ্জবাসীর দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে ওই স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করে ২০০৯ সালের ১১ জানুয়ারি অতিরিক্ত ভবনের নির্মাণকাজ শুরু হয়। প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মাণকাজ সমাপ্ত করে ২০১০ সালের ১০ অক্টোবর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তা হস্তান্তর করেন ঠিকাদার। গত বছর ৫০ শয্যার জন্য চিকিৎসার কাজে ব্যবহারের বিভিন্ন আধুনিক সরঞ্জামও হাসপাতালে এসে পৌঁছেছে। কিন্তু প্রয়োজনীয় জনবল ও ওষুধ বরাদ্দ না পাওয়ায় আজও তা চালু করা যায়নি।
সরেজমিনে দেখা গেছে, পরিচর্যার অভাবে ওই অতিরিক্ত হাসপাতাল ভবনে শেওলা পড়েছে। অভিযোগ পাওয়া গেছে, ভবনে লাগানো দুটি বৈদ্যুতিক ফ্যান, বৈদ্যুতিক বাতি, পানির পাম্পসহ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম ইতিমধ্যে চুরি হয়ে গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ফরিদুল ইসলাম বলেন, ৫০ শয্যার কার্যক্রম চালু হলে স্থানীয় মানুষ আধুনিক চিকিৎসা-সুবিধা এই হাসপাতাল থেকেই পাবেন। বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত হাসপাতালে বসবেন। তাঁর মতে, ৫০ শয্যার কার্যক্রম চালু হলে সাধারণ মানুষকে চিকিৎসার জন্য অহেতুক টাকা খরচ করে রংপুরে যেতে হবে না। হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি বছর খানেক ধরে বাক্সবন্দী অবস্থায় পড়ে থাকায় তা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।