জনবল-সংকটে থমকে আছে ভূমি জরিপের কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনবল-সংকটে ১৪ বছরেও দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ভূমি জরিপের কাজ শেষ করা সম্ভব হয়নি। এ কারণে জমির মালিকেরা বিপাকে পড়েছেন।
ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান খুরশীদ আলম জানান, উপজেলার বেশির ভাগ মানুষ কৃষক। দিন দিন জমির দাম বাড়ছে। পাশাপাশি ভূমিদস্যুতা, অবৈধ দখলদারি, রাজনৈতিক প্রভাবসহ নানা কারণে সেটেলমেন্ট কার্যালয়ের গুরুত্ব অনেক বেড়েছে। কিন্তু সেটেলমেন্ট কার্যালয়ে প্রয়োজনীয় জনবল না থাকায় সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন।
সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা আফসার আলী জানান, বর্তমানে ফুলবাড়ী সেটেলমেন্ট কার্যালয়ে তিনিসহ দুজন কর্মকর্তা, একজন পেশকার ও একজন জরিপকারী (সার্ভেয়ার) কর্মরত আছেন। দুটি উপসহকারী সেটেলমেন্ট কর্মকর্তা, দুটি পেশকার, দুটি শিকলবাহক, একটি জরিপকারী ও দুটি জারিকারকের পদ দীর্ঘদিন ধরে শূন্য। জনবল-সংকটে ২০০০ সালে শুরু হওয়া জরিপের কাজ এখনো শেষ করা সম্ভব হয়নি।
আফসার আলী আরও জানান, বর্তমানে তাঁরা পৌর এলাকার কাটাবাড়ী ও গৌরীপাড়া মৌজার তসদিক স্তরের কাজ করছেন। মৌজা দুটি থেকে কয়েক শ আপত্তি ও বদর মামলা জমা পড়েছে। জনবল-সংকটে সেগুলোর শুনানি নিতে কর্মকর্তারা হিমশিম খাচ্ছেন।
উপজেলা সেটেলমেন্ট কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ এলাকায় মোট মৌজার সংখ্যা ১৬৯টি। এর মধ্যে ১৪০টি মৌজায় ৩০ ধারায় আপত্তি শুনানি শুরু হয়নি। ২৪টি মৌজায় এখনো ২৯ ধারায় ড্রাফট পাবলিকেশনের (ডিপি) কাজ হয়নি। কেবল পাঁচটি মৌজায় ২৮ ধারায় তসদিক স্তরের কাজ চলছে। কর্মকর্তা-কর্মচারীর সংকটে আপত্তি মামলা নিষ্পত্তির জন্য নোটিশ জারিসহ নানা কাজে বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে।
ফুলবাড়ী পৌরসভার মেয়র মর্তুজা সরকার বলেন, যত দ্রুত ভূমি জরিপের কাজ শেষ হবে, তত তাড়াতাড়ি ভূমিসংক্রান্ত জটিলতা ও মালিকানার বিরোধ নিষ্পত্তি হবে। তিনি সরকারের কাছে ফুলবাড়ী সেটেলমেন্ট কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের শূন্য পদগুলোতে দ্রুত জনবল নিয়োগ দিয়ে জরিপের কাজ শেষ করার দাবি জানিয়েছেন।