২০০ শয্যা থেকে ৩০০ শয্যায় উন্নীত করা হলেও এ জন্য বাড়তি কোনো চিকিৎসক, নার্স বা কর্মচারী নিয়োগ দেওয়া হয়নি। উপরন্তু ২০০ শয্যা থাকাকালে যে ৪১টি পদ শূন্য ছিল, সেগুলোও পূরণ করা হয়নি। এ অবস্থায় চরম জনবল সংকটে ভুগছে ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতাল। এতে রোগীদের দুর্ভোগের পাশাপাশি চিকিৎসকদেরও হিমশিম খেতে হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, এই হাসপাতালে শুধু নারায়ণগঞ্জের মানুষই না পার্শ্ববর্তী নরসিংদী, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, কুমিল্লার দাউদকান্দি, হোমনা ও তিতাস প্রভৃতি এলাকার মানুষও সেবা নিতে আসে। ফলে সব সময়ই এখানে রোগীদের চাপ থাকে।
হাসপাতাল সূত্র জানায়, ২০০ শয্যা থাকাকালেই হাসপাতালটিতে পাঁচজন চিকিৎসক, ছয়জন নার্স, তৃতীয় শ্রেণির চারজন ও চতুর্থ শ্রেণির ২৬ জন কর্মচারীসহ মোট ৪১টি পদ শূন্য ছিল। সেগুলো পূরণ না করেই ৩০০ শয্যায় উন্নীত করা হয়। বর্তমানে অর্থোপেডিক বিভাগে একজন, রেডিওলজি বিভাগে একজন, চক্ষু বিভাগে মাত্র দুজন চিকিৎসক রয়েছেন। এভাবে প্রতিটি বিভাগেই চিকিৎসক সংকট চলছে। ২০১৩ সালে কার্ডিওলজি বিভাগ চালু হলেও নিয়োগকৃত চিকিৎসক শুধু বহির্বিভাগের রোগীরই সেবা দিয়ে থাকেন। ভর্তি হওয়া রোগীদের তিনি দেখেন না।
সম্প্রতি হাসপাতালের বহির্বিভাগে গিয়ে দেখা যায়, টিকিট কাউন্টারে রোগীদের দীর্ঘ লাইন। দন্ত বিভাগ, সার্জারি, নাক-কান-গলা, চক্ষু, চর্ম, মেডিসিন, গাইনি, শিশু এবং কার্ডিওলজি বিভাগের সামনে ভিড় থাকলেও মানসিক রোগ বিভাগের সামনে কোনো রোগী নেই। ১০ টাকার টিকিট নিয়ে সবাই লাইনে দাঁড়ানো। তবে অনেকে চতুর্থ শ্রেণির কর্মচারীদের অতিরিক্ত ২০-৩০ টাকা বেশি দিয়ে আগেই চিকিৎসক দেখিয়ে নিচ্ছেন।
মেডিসিন বিভাগের চিকিৎসা কর্মকর্তা চৌধুরী মো. ইকবাল বাহার জানান, প্রতি বছর ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত হাসপাতালে রোগীর চাপ বেশি থাকে। জলবায়ু ও আবহাওয়ায় পরিবর্তনের কারণে এই সময়ে রোগবালাই বেড়ে যায়।
চর্ম ও যৌন রোগের চিকিৎসক তানভীর আহমেদ চৌধুরী বলেন, হাসপাতালটি ৩০০ শয্যার হলেও কোনো বাড়তি চিকিৎসক পদায়ন হয়নি। ফলে তাঁকে একাই রোগী দেখতে হয়। এতে মানসম্পন্ন সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হয়।
জানতে চাইলে হাসপাতালটির চিকিৎসা তত্ত্বাবধায়ক ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপপরিচালক নিতীশ কান্তি দেবনাথ বলেন, ‘বর্তমানে হাসপাতালে সাড়ে তিন শ জনবল আছে। এর মধ্যে চিকিৎসক আছেন ৫০ জন, নার্স ১০০ জন। তাঁদের নিয়েই সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে রোগীদের পর্যাপ্ত চিকিৎসা সেবা দেওয়ার।’
নিতীশ কান্তি জানান, ৩০০ শয্যার জন্য কমপক্ষে ৫০ জন চিকিৎসকসহ দুই শতাধিক দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর প্রয়োজন। উপরন্তু ২০০ শয্যার হাসপাতালের জন্য পদ শূন্য আছে ৪১টি। এসব জনবল পদায়নের জন্য একাধিকবার মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো পদায়ন হয়নি।