জনবল-সংকটে সেবা ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দেড় বছর আগে গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়৷ অথচ এখন মাত্র চারজন চিকিৎসক দিয়ে চলছে হাসপাতালটি। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২২ সেপ্টেম্বর হাসপাতালটিকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু জনবল বাড়ানো হয়নি৷ ৩১ শয্যার হাসপাতালে চিকিৎসক ছিলেন নয়জন। ৫০ শয্যার হাসপাতালে চিকিৎসক থাকার কথা ২১ জন। সেখানে এখন চিকিৎসক রয়েছেন মাত্র চারজন। ৩১ শয্যা হাসপাতালের পাঁচ চিকিৎসকের মধ্যে আবাসিক চিকিৎসক খলিলুর রহমান দুই মাস আগে অবসর নেওয়ায় পদটি এখন শূন্য৷ এ ছাড়া, দীর্ঘদিন ধরে মেডিসিন বিশেষজ্ঞ, সার্জারি বিশেষজ্ঞ ও অবেদনবিদ নেই। গাইনি বিশেষজ্ঞ থাকলেও অবেদনবিদ না থাকায় প্রসূতি অস্ত্রোপচার বন্ধ রয়েছে। চিকিৎসকসংকটের মধ্যেই সাদ আহাম্মেদ ডেপুটেশনে গাজীপুর সদর হাসপাতালে সংযুক্ত করা হয়েছে। হাসপাতালের নার্স রয়েছেন মাত্র ১১ জন৷ এমএলএস পাঁচজনের মধ্যে দুজন ডেপুটেশনে। ক্লিনার রয়েছেন পাঁচজন। ওয়ার্ড বয় তিনজন ও আয়া রয়েছেন দুজন। অ্যাম্বুলেন্স রয়েছে দুটি। এর মধ্যে একটি সচল। তবে সচল থাকলেও কয়েক দিন ধরে চালক নেই। হাসপাতালে নিরাপত্তাকর্মীর পদ দুটি৷ এর মধ্যে আছেন একজন। বাবুর্চির দুটি পদ থাকলেও কেউ নেই। বাইরে থেকে বাবুর্চি এনে রান্নার কাজ করানো হচ্ছে। জেনারেটর আছে৷ তবে জ্বালানির জন্য বরাদ্দ না থাকায় সেটি পড়ে আছে৷
শ্রীপুর উপজেলার বরমী শিমুতলী এলাকার বাদল মিয়া (৩৫) বলেন, তিনি গত ২৪ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন৷ এর পর থেকে দু-একবার চিকিৎসকের দেখা পাওয়া গেছে৷ প্রায় পাঁচ-ছয় দিন পার হওয়ার পরও বিছানার চাদর পরিবর্তন করা হয়নি।
নার্সদের সুপারভাইজার জাকিয়া জেসমিন বলেন, হাসপাতালের এক্স-রে মেশিন অনেক দিন ধরে নষ্ট হয়ে আছে৷ প্যাথলজি বিভাগের টেকনিশিয়ান ইব্রাহীম খলিলুল্লাহ বলেন, প্রায় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করতে হাসপাতালে অত্যাধুনিক মেশিন আনা হয়েছে। তবে স্থাপন করা হয়নি৷
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোহাম্মদ হাসান ইমাম বলেন, হাসপাতালের সমস্যার সমাধান এবং জনবল বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদনপত্র দেওয়া হয়েছে।