জনবল-সংকটে সেবা ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনবল-সংকটে ফেনীর দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। শুধু টেকনিশিয়ান না থাকায় হাসপাতালের এক্স-রে যন্ত্রটি পড়ে আছে সাত বছর ধরে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। কিন্তু জনবলকাঠামো এখনো ৩১ শয্যার রয়ে গেছে। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ চিকিৎসা কর্মকর্তার পদ আছে নয়টি। তবে বর্তমানে কর্মরত আছেন মাত্র চারজন। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির কর্মকর্তা-কর্মচারীর ৯৩টি পদের মধ্যে ৩২টি শূন্য। নিরাপত্তা প্রহরী, বাবুর্চিসহ চতুর্থ শ্রেণির ২১টি পদের মধ্যে ১২টি পদ খালি দীর্ঘদিন ধরে।
হাসপাতাল সূত্র জানায়, ২০০৯ সাল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে টেকনিশিয়ানের পদ শূন্য। এতে কোনো কাজে আসছে না এক্স-রে যন্ত্রটি। ল্যাব টেকনিশিয়ান না থাকায় রোগ নির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল খায়ের মিয়াজী বলেন, ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হলেও জনবলকাঠামো ৩১ শয্যার রয়ে গেছে। তিনি জানান, পাঁচজন চিকিৎসককে প্রেষণে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আবার উপজেলার বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্র ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে চারজন চিকিৎসককে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেষণে নিয়োগ করা হয়েছে। তবে এরই মধ্যে তিনজন ছয় মাসের প্রশিক্ষণে চলে গেছেন।
আবুল খায়ের মিয়াজী বলেন, বর্তমানে তাঁরা চারজন চিকিৎসক কাজ করছেন। অবেদনবিদ না থাকায় জরুরি অস্ত্রোপচার করা যাচ্ছে না। চিকিৎসক–সংকটের কারণে রোগীদের সেবা দিতে তাঁদের হিমশিম খেতে হচ্ছে।
হাসপাতাল সূত্র জানায়, বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৪০০ জন রোগী চিকিৎসা নেন। আর গড়ে রোগী ভর্তি থাকেন ৪০ জন।