বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকা সত্ত্বেও জনবলের অভাবে অন্তঃসত্ত্বা নারীদের অস্ত্রোপচার সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে প্রসবজনিত কোনো জটিলতা দেখা দিলেই ওই অবস্থায় প্রসূতিকে নিয়ে স্থানীয় ক্লিনিক বা বগুড়া জেলা শহরে ছুটতে হয় উপজেলাবাসীকে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ২০০৪ সালে ৩১ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। এ জন্য প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে তিনতলা ভবন নির্মাণ করা হয়। ভবনটির দ্বিতীয় তলায় রয়েছে জরুরি প্রসবসেবার (ইওসি) আধুনিক অস্ত্রোপচার কক্ষ। সেখানে অটোক্লেভ মেশিন, হাইড্রলিক ওটি টেবিলসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি ও চিকিৎসা সরঞ্জামও রয়েছে। কিন্তু অন্তঃসত্ত্বা নারীদের অস্ত্রোপচারের কার্যক্রম শুরু না হওয়ায় যন্ত্রপাতিগুলো পড়ে রয়েছে। অযত্ন ও অবহেলায় ফেলে রাখা ওই সব মূল্যবান যন্ত্রপাতি এখন নষ্ট হওয়ার পথে। গত সোমবার বেলা ১১টার দিকে সরেজমিনে প্রসবসেবা কার্যক্রমের জন্য তৈরি কক্ষটি তালাবদ্ধ দেখা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা সাহাবুল আলম বলেন, গাইনি বিশেষজ্ঞ ও অবেদনবিদ না থাকায় এ সেবা চালু করা যাচ্ছে না।
নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য কমপ্লেক্সের একটি সূত্র জানায়, এখানে ইওসি সেবা না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় অন্তঃসত্ত্বা দরিদ্র নারীদের।
উপজেলার পূর্ব-জাহাঙ্গীরাবাদ গ্রামের ইলিয়াছ আলী বলেন, অন্তঃসত্ত্বা এক আত্মীয়কে কয়েক দিন আগে বগুড়ায় নিয়ে যেতে হয় অস্ত্রোপচার করাতে। এতে বেশি টাকা খরচসহ আসা-যাওয়ায় চরম ভোগান্তিও পোহাতে হয়েছে। এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসবসংক্রান্ত সব সুবিধা পেলে তাঁদের আর এ রকম ভোগান্তি পোহাতে হতো না।
উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বিউটি বেগম বলেন, ‘জরুরি প্রসবসেবা চালু না হওয়ায় এ উপজেলার অন্তঃসত্ত্বা নারীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অনেক সমস্যার কথা আমাদের বলে। কিন্তু এ বিষয়ে কোনো কথা বলেনি। বিষয়টি নিয়ে আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুছা-আল-মুনছুর বলেন, ওই সেবাব্যবস্থা চালুর জন্য হাসপাতালে আধুনিক অস্ত্রোপচার কক্ষ, মূল্যবান চিকিৎসা যন্ত্রপাতিসহ প্রায় সব ব্যবস্থাই রয়েছে। তবে বিশেষজ্ঞ চিকিৎসকসহ বিভিন্ন সমস্যায় জরুরি এই সেবা চালু করা সম্ভব হচ্ছে না।
শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান বলেন, উপজেলা হাসপাতালে অবিলম্বে জরুরি প্রসবসেবা কার্যক্রম চালু করা দরকার। তাহলেই উপজেলার দরিদ্র প্রসূতিদের দুর্ভোগ লাঘব হবে।