জনবসতি এলাকায় হচ্ছে কার্বন কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই খুলনার রূপসা উপজেলার তিলক সল্পবাহিরদিয়া (টিএসবি) ইউনিয়নের তিলক গ্রামে প্রায় ১০ একর জমিতে গড়ে তোলা হচ্ছে কার্বন তৈরির কারখানা। ইতিমধ্যে আট একর জমির মাটি ভরাটকাজ প্রায় শেষ পর্যায়ে।এলাকাবাসীর অভিযোগ, এখানে কারখানা তৈরি হলে চার গ্রামের প্রায় ১২-১৫ হাজার লোকের স্বাস্থ্য হুমকির মুখে পড়বে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে ইউসুফ মোল্লা নামে এক ব্যবসায়ী তিলক গ্রামে কার্বন তৈরির জন্য ‘মিমকো কার্বন কোম্পানি লিমিটেড’ নামে একটি কারখানা স্থাপনের কাজ শুরু করেন। এ কারখানার ২০-২৫ গজের মধ্যে রয়েছে জনবসতিপূর্ণ এলাকা।কারখানার অংশীদার জাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে। আমরা এখানে পাটখড়ি পুড়িয়ে ছাই তৈরি করব। সেই ছাই বস্তাবন্দী করে বিদেশে পাঠাব। এখানে কোনো ধোঁয়া হবে না। ফলে পরিবেশের কোনো ক্ষতি হবে না।’সরেজমিনে দেখা গেছে, কারখানা তৈরির জন্য এলাকায় বালু ভরাটের কাজ চলছে। নির্মাণসামগ্রী রাখার জন্য একটি ছোট টিনের ঘর তৈরি করা হয়েছে। এ ছাড়া একটি ছোট ভবন নির্মাণের কাজ চলছে। কারখানা এলাকার পাশেই উপজেলার তিলক, আমদাবাদ ও মাসুয়াডাঙ্গা গ্রাম। এই কারখানা থেকে অর্ধকিলোমিটার দূরে অবস্থিত আবদুল ওয়াদুদ মেমোরিয়াল (সিএসএস) হাসপাতাল। রূপসা নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বজলার রহমান জানান, পাশের ওই তিনটি গ্রামে ১২-১৫ হাজার লোক বাস করে। খুলনা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের চিকিৎসক (রেজিস্ট্রার) পুলক দেবনাথ বলেন, জনবসতিপূর্ণ এলাকায় কার্বন কারখানা তৈরি হলে এলাকায় কার্বনের পরিমাণ বেড়ে যায়। তখন শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ দেখা দেয়। এ ছাড়া শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। এ ছাড়া বাস্তুসংস্থানের চক্র বিঘ্নিত হয়। পরিবেশ অধিদপ্তর খুলনার উপপরিচালক তরুণ কান্তি শিকদার বলেন, ‘আমাদের কাছে একটি আবেদনপত্র জমা পড়েছে। তবে কোনো কাগজপত্র জমা দেওয়া হয়নি। কীভাবে তাঁরা কারখানা তৈরি করছেন তাও আমরা জানি না। তা ছাড়া খুলনাতে কার্বন কারখানা এটিই প্রথম। এর অনুমোদন আমরা দিতে পারব না, এর অনুমোদন ঢাকা থেকে নিতে হবে।’