জনবসতি তুলে হবে বানরের অভয়াশ্রম!
বৃদ্ধ বেল্লাল সরদার ৫০ বছরের বেশি সময় ধরে পৌরসভা থেকে জমি ইজারা নিয়ে পরিবার-পরিজন নিয়ে বসবাস করেন। গত সপ্তাহে ভূমি কার্যালয়ে জমির খাজনা দিতে গেলে কর্মকর্তারা তা নিতে অপারগতা প্রকাশ করেন। কর্মকর্তারা বলেন, ‘আপনাদের খাজনা আর নেওয়া যাবে না। আপনারা যে এলাকায় থাকেন, সেখানে সরকার বানরের অভয়াশ্রম গড়ে তুলবে।’ শুধু বেল্লাল সরদারই নন, হুমায়ুন তফাদার, রওশনারা বেগম, ইলিয়াস হোসেন, কামাল হোসেনরাও খাজনা দিতে গেলে তাঁদেরও একই কথা বলেন কর্মকর্তারা।মাদারীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আরসিন এলাকায় প্রায় ১৪ একর সরকারি সম্পত্তি ইজারা নিয়ে বসবাস করে দুই শতাধিক পরিবার। ইলিয়াস হোসেন বলেন, ‘এখানকার মাটির সঙ্গে যেন মিশে আছে আমাদের নিঃশ্বাস। ভাই, আমরা প্রায় ৫০ বছর ধরে এই জমিতে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছি। কিন্তু সরকার মানুষের বসতি ভেঙে বানরের বসতি স্থাপন করতে চাচ্ছে।’সরেজমিনে গেলে স্থানীয় লোকজন অভিযোগ করেন, আরসিন এলাকার উত্তর পাশে পেয়ারপুর ইউনিয়নে অনেক সরকারি জমি রয়েছে। সেখানে বানরের অভয়াশ্রম করা যেতে পারে। কিন্তু একজন মন্ত্রীর ঘনিষ্ঠ পরিচয়দানকারী লোকজন ওইসব পতিত জমি দখল করে নেওয়ার পাঁয়তারা করছেন।ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেন, এই ১৪ একর জমিতে বানরের অভয়াশ্রম না গড়ে সরকারের দীর্ঘদিন ধরে পতিত থাকা জমিতে গড়ে তোলা হোক। আর তা না করলে আমরা আমাদের বাসস্থানের নিশ্চয়তার জন্য আন্দোলন গড়ে তুলব।মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক রিপনচন্দ্র মল্লিক বলেন, ‘৫০ বছর ধরে সেখানে মানুষ বসবাস করে আসছে। ওই স্থান থেকে তাদের উচ্ছেদ না করে দীর্ঘদিন ধরে পতিত থাকা জমিতে বানরের জন্য অভয়াশ্রম গড়ে তোলা যেতে পারে।পৌর মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ বলেন, ‘পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আরসিন এলাকায় বানরের একটি অভয়াশ্রম গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে। তবে যারা এখানে যুগ যুগ ধরে বসবাস করে আসছে, তাদের বিষয়টি আশা করছি সরকার মাথায় রেখেই কাজ করবে।’