জনবসতি থেকে চামড়ার গুদাম সরানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার বাসস্ট্যান্ডসংলগ্ন খন্দকারপাড়া আবাসিক এলাকার মধ্য থেকে চামড়ার গুদাম অপসারণ এবং গুদামের মালিকের করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
গতকাল শনিবার সকালে ওই চামড়ার গুদামের সামনে কয়েক শ এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিতভাবে গুদামটি অপসারণের দাবি জানান।
কর্মসূচিতে অংশ নেওয়া ওই গুদামের পাশের বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, আবাসিক এলাকার মধ্যে এই গুদাম থাকায় চামড়া পচা গন্ধে আশপাশের শতাধিক পরিবারকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। গৃহবধূ রেহেনা বেগম বলেন, চামড়ার গুদামের সামনে সবসময় কুকুর থাকে। কুকুরের কামড়ে এ পর্যন্ত কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বাড়ির শিশুদের নিয়ে তাঁদের সব সময় উৎকণ্ঠার মধ্যে থাকতে হয়। এ ছাড়া চামড়া পচা গন্ধে দূষিত হয়ে ওঠায় আত্মীয়স্বজনেরাও এই এলাকায় আসতে চান না।
স্থানীয় বাসিন্দা শামছুল ইসলাম বলেন, গত ২৩ অক্টোবর স্থানীয় চামড়া ব্যবসায়ীদের কাছে গুদামটি অন্যত্র সরানোর কথা জানালে তাঁরা ক্ষুব্ধ হন এবং ওই দিন রাতে শামছুলের বাড়িতে হামলা চালান। এতে ১০ জন আহত হন। ঘটনার পরদিন শামছুল বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার এক দিন পর তাঁদের বিরুদ্ধে ওই চামড়া ব্যবসায়ীদের দায়ের করা একটি মিথ্যা মামলাও পুলিশ গ্রহণ করে।
অভিযোগের ব্যাপারে ওই চামড়া ব্যবসায়ীদের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। শেরপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, মামলা দুটি এখনো তদন্তাধীন।
ইউএনও এ কে এম সরোয়ার জাহান বলেন, এলাকাবাসীর আবেদনটি আগামীকাল পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে পাঠানো হবে।