জনবসতিতে তামাক কেন্দ্র গন্ধে টেকা দায়
রাশেদ খন্দকারের ছেলে খালিদ হাসান কিছুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছে। একই সমস্যায় আক্রান্ত মসিয়ার রহমানের ছয় বছরের মেয়ে মালিহা রহমানও। রাশেদ ও মসিয়ার দুজনের বাড়ি ঝিনাইদহ শহরসংলগ্ন ধোপাঘাটা-গোবিন্দপুর গ্রামে। তাঁদের বাড়ির পাশেই রয়েছে একটি তামাক প্রক্রিয়াজাতকরণকেন্দ্র। এটি নির্মাণ করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বাংলাদেশ (বিএটিবি)। ওই কেন্দ্র থেকে বের হওয়া তামাকের উৎকট গন্ধ সহ্য করা মুশকিল হয়ে পড়েছে। অবশ্য বিএটিবি ঝিনাইদহ জেলার ব্যবস্থাপক হেমায়েত হোসেন দাবি করেছেন, তামাকের গন্ধ বাইরে যায় না। এখানে শুধু তামাকের বান্ডিল বা রোল খুলে ভালো-মন্দ যাচাই-বাছাই শেষে আবার বান্ডিল বাঁধা হয়। তারপর এগুলো কুষ্টিয়ায় চলে যায়।পরিবেশ অধিদপ্তর, খুলনার বিভাগীয় পরিচালক তরুণ কান্তি শিকদার প্রথম আলোকে বলেন, জনবসতিপূর্ণ এলাকায় এ রকম কেন্দ্র খোলা আইনত নিষিদ্ধ। ধোপাঘাটা-গোবিন্দপুর গ্রামটি ঝিনাইদহ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত। সরেজমিনে দেখা যায়, এই ওয়ার্ডে প্রায় ৭০০ ভোটার আছেন। ঝিনাইদহ-মাগুরা সড়ক থেকে একটি রাস্তা নেমে মাগুরা-কুষ্টিয়া সড়কে যুক্ত হয়েছে। এই পাকা সড়কের দুই পাশে বসতি গড়ে উঠেছে। ২০-২৫ বছর আগে এখানে জনবসতি গড়ে ওঠে। এখানকার বাসিন্দা লাভলু জোয়ার্দ্দার জানান, বিগত এরশাদ সরকারের সময় ওই রাস্তার ধারে একটি বস্ত্রকল তৈরি করা হয়। সেটি পরে বন্ধ হয়ে যায়। লাভলু জোয়ার্দ্দার জানান, তিনি এখানে ১২ বছর ধরে বাস করছেন। বছর দুই আগে তাঁর বাড়ির পাশে তামাক প্রক্রিয়াজাতকরণকেন্দ্রটি নির্মাণ করা হয়। বন্ধ থাকা বস্ত্রকলের ঘরগুলো এ কাজে ব্যবহার করা হচ্ছে। জানা গেছে, প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ১৩০-১৪০ জন নারী এখানে কাজ করেন। ওই কেন্দ্রে কর্মরতদের একজন নাম প্রকাশ না করার শর্তে জানান, কৃষকের কাছ থেকে কেনা তামাক এখানে ফেলে প্রক্রিয়াজাত করা হয়। নারীরা এগুলো খুলে বাছাই করেন। ময়লা থাকলে পরিষ্কার করা, ভেজা থাকলে শুকিয়ে নেওয়া, আর ভালো-মন্দ বাছাই করা তাঁদের কাজ। এরপর তামাক বেঁধে রেখে দেওয়া হয়। এ কাজ করার সময় তাঁরা নিজেদের মুখ কাপড় দিয়ে বেঁধে নেন। তার পরও গন্ধ সইতে হয়। গ্রামের মসিউর রহমানের বাড়ির উত্তর দিকে গা ঘেঁষে গড়ে উঠেছে তামাক প্রক্রিয়াজাতকরণকেন্দ্রটি। মাঝে দুই-তিন হাত জায়গা ফাঁকা আছে। কেন্দ্রের উত্তর দিকে আছে লাভলু জোয়ার্দ্দারের বাড়ি, দক্ষিণে রাশেদ খন্দকার, পশ্চিমে সলেমান আলী, দক্ষিণ-পূর্বে হাফিজুর রহমানের বাড়ি। তাঁরা জানান, বর্তমানে পরিবেশ এতটাই খারাপ হয়েছে, এখানে থাকাই দায় হয়ে পড়েছে। তামাকের উৎকট গন্ধ ও বাতাসের সঙ্গে ভেসে আসা গুঁড়ার কারণে বেশির ভাগ সময় নাকে কাপড় চাপা দিয়ে চলাচল করতে হয়। নিজেরা এভাবে চলাচল করলেও শিশুদের রক্ষা করতে পারছেন না। ইতিমধ্যে তাঁর মেয়ে মালিহা শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছে। রাশেদ খন্দকার জানান, তাঁর ছেলে খালিদ হাসানও শ্বাসকষ্টে ভুগছে। ওই কেন্দ্রের সামনে গাড়ি রাখার জায়গা নেই। মাঝেমধ্যে তাঁদের বাড়ির সামনে গাড়িতে তামাক ওঠানো-নামানোর কাজ করা হয়। সে সময় বাড়ির মধ্যে থাকা মুশকিল হয়ে পড়ে। ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, নিঃশ্বাসের সঙ্গে তামাকের গুঁড়া দেহের ভেতর গেলে শ্বাসকষ্ট এমনকি ফুসফুসের ক্যানসার পর্যন্ত হতে পারে। বিএটি ঝিনাইদহের ব্যবস্থাপক হেমায়েত উদ্দিন জানান, এতে মানুষের ক্ষতি হচ্ছে এমন অভিযোগ তাঁরা আজও পাননি। তাঁরা ঘরগুলো যেভাবে করেছেন তাতে গন্ধ বাইরে যাচ্ছে বলে মনে হয় না।নাম প্রকাশে অনিচ্ছুক ওই কেন্দ্রের এক শ্রমিক জানান, রাস্তালাগোয়া একটি ঘর ছাড়া তিনটি শেডে তাঁরা তামাক বাছাইয়ের কাজ করেন। শেডগুলোর চারপাশ খোলা। কেন্দ্রটি সীমানাপ্রাচীর দিয়ে ঘেরা। তার পরও বান্ডিল খোলার পর নাড়াচাড়া করলে তামাকের গন্ধ ও গুঁড়া পাড়া-মহল্লায় ছড়ায়।