জনবসতিতে তৈরি হচ্ছে ইটভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার লালমোহন উপজেলার পশ্চিমচর উমেদ ইউনিয়নের কচুয়াখালী পাঞ্জখালী গ্রামের জনবসতিপূর্ণ এলাকায় ফসলি জমিতে ইটভাটা নির্মাণের কাজ চলছে। লালমোহন পৌরসভার সাবেক কমিশনার মনিরুজ্জামান ইটভাটাটি নির্মাণ করছেন।ইটভাটা নির্মাণ বন্ধে গ্রামবাসী একাধিকবার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন। জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান গত ৬ জুন বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রতিবেদন জমা দেওয়ার জন্য লালমোহন উপজেলা প্রশাসনকে চিঠি দিয়েছেন। কিন্তু লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। মনিরুজ্জামান বলেন, ‘আমি ইটভাটার জন্য ১০ বছরের জন্য জমি লগ্নি নিয়েছি। ভাটা নির্মাণের কাজ শেষ করে বৈধতার জন্য আবেদন করব।’ ভোলা উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মিজানুর রহমান জানান, ফসলি জমি, ফলের বাগান ও বাড়িঘরের আশপাশে দুই-তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা নির্মাণ করা অবৈধ। তা ছাড়া অনুমতি পাওয়ার পরে ইটভাটা নির্মাণের কাজ শুরু করতে হবে। গত মাসের শেষ দিকে কচুয়াখালী পাঞ্জখালী গ্রামে গিয়ে দেখা যায়, যে জমিতে ইটভাটা নির্মাণ করা হচ্ছে, তার ১০০ গজের মধ্যে বসতবাড়ি, স্কুল, মাদ্রাসা ও মসজিদ। গ্রামের আবদুল মালেক (৫৬) নামের একজন ভূমিহীন কৃষক বলেন, ‘যে জমিত একসুম চাষবাস করি আঙ্গো প্যাট চইলতো, এ্যহোন হেনে ইটভাটা অইব, আঙ্গো পোড়া কোয়াল, জানি না এ্যহোন কিয়ারুম। ক্যামনে চইলবো আঙ্গো সংসার।’ গ্রামের কৃষক আবু তাহের, বজলুর রহমান, বাবুল বেপারিসহ বেশ কয়েকজন জানান, শুনেছি সরকার বসতঘর, খেত, স্কুল ও মাদ্রাসার পাশে ইটভাটা নির্মাণ করতে দেয় না। এ জন্য তাঁরা জেলা প্রশাসক ও প্রধানমন্ত্রী বরাবর সঞ্চারকলিপি দিয়েছেন। কিন্তু ইটভাটা নির্মাণের কাজ চলছেই।জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘ইটভাটা বৈধভাবে করতে গেলেও ফসলি জমির পাশে আমরা ইটভাটা করতে দেব না। আর অবৈধভাবে ভাটা নির্মাণ করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’