জনবসতিপূর্ণ এলাকায় ইটভাটা করার উদ্যোগ, উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের কুতুবপুর ইউনিয়নের উত্তর কুতুবপুর ও আবদুল্লাপুর গ্রামের সীমানায় জনবসতিপূর্ণ এলাকায় ইটভাটা নির্মাণের উদ্যোগ নেওয়ার ঘটনা নিয়ে কয়েক দিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার প্রতিবাদে গ্রামবাসী গত বৃহস্পতিবার ইটভাটার জন্য চিহ্নিত ফসলি জমির পাশে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।এদিকে প্রস্তাবিত ইটভাটার মালিকেরা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া গ্রামবাসীকে এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের দিয়ে নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বেগমগঞ্জের চৌমুহনী এলাকার কয়েকজন প্রভাবশালী উপজেলা সদরের প্রায় ১০ কিলোমিটার দূরে উত্তর কুতুবপুর ও আবদুল্লাপুর গ্রামের সীমানায় জনবসতিপূর্ণ এলাকায় ‘ইফতি ব্রিকস’ নামের একটি ইটভাটা নির্মাণের উদ্যোগ নেন। এরপর স্থানীয় কয়েকজন কৃষিজমির মালিককে অর্থের লোভ দেখিয়ে তাঁদের জমি ইটভাটা নির্মাণের জন্য ভাড়া নেন। এলাকাবাসী বিষয়টি জানতে পেরে শুরু থেকেই ইটভাটা নির্মাণের উদ্যোগের বিরোধিতা করেন এবং গত ১৯ সেপ্টেম্বর জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন।কুতুবপুর ও আবদুল্লাপুর গ্রামের কয়েক শ বাসিন্দা ইটভাটা নির্মাণের উদ্যোগের প্রতিবাদে প্রস্তাবিত ভাটা এলাকায় বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল-সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। কর্মসূচিতে গ্রাম দুটির কৃষকেরা ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচি পালনকালে গ্রামবাসী এলাকার পরিবেশ রক্ষার দাবিতে ইটভাটার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।গ্রামবাসী মো. শফিকুর রহমান জানান, যে জায়গায় ইটভাটা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এর আশপাশেই দুটি মাধ্যমিক বিদ্যালয়, দুটি সিনিয়র মাদ্রাসা, দুটি প্রাথমিক বিদ্যালয় ও দুটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিন উল্লা জানান, ইটভাটার উদ্যোক্তারা তাঁর কাছে প্রত্যয়নপত্রের জন্য একাধিকবার এসেছিলেন। কিন্তু এলাকার কৃষিজমি নষ্ট এবং পরিবেশের কথা চিন্তা করে তিনি তা দেননি। তাই বৃহস্পতিবার গ্রামবাসীর কর্মসূচি চলাকালে তিনি সেখানে গেলে ভাটার মালিকপক্ষের লোকজন তাঁর ওপর হামলার চেষ্টা চালায় বলে অভিযোগ করেন।প্রস্তাবিত ভাটার মালিক ইফতেখার আলী দাবি করেন, তাঁরা যথাযথ সরকারি প্রক্রিয়া অনুসরণ করে এবং সরকারি অনুমোদন নিয়েই ভাটার কাজ শুরু করেছেন। এ ক্ষেত্রে প্রত্যয়নপত্র দেওয়ার বিনিময়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তাঁদের কাছে ঘুষ দাবির অভিযোগ করেন তিনি। তবে জেলা প্রশাসক (ডিসি) মো. সিরাজুল ইসলাম গতকাল শুক্রবার জানান, তাঁরা নতুন করে কোনো ইটভাটা নির্মাণের জন্য অনুমতি দেননি। কেউ যদি বিনা অনুমতিতে ভাটা করার চেষ্টা করেন, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।