জনবসতিপূর্ণ এলাকায় ফেলা হবে সিটি করপোরেশনের বর্জ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের কেন্দ্রস্থলে জনবসতিপূর্ণ এলাকায় বর্জ্য ফেলার স্থান নির্বাচন করেছে বরিশাল সিটি করপোরেশন। এলাকাবাসী এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। তবে তা উপেক্ষা করেই সেখানে বর্জ্য ফেলার তোড়জোড় শুরু করেছে কর্তৃপক্ষ।
সরেজমিনে দেখা গেছে, নগরের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কয়েক গজ দূরে সাইনবোর্ড টাঙানো হয়েছে। এতে লেখা হয়েছে, এসটিএসের জন্য নির্ধারিত স্থান, আরবান পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট। বাস্তবায়নে বরিশাল সিটি করপেরেশন। সিটি করপোরেশনের শ্রমিক মো. শাহজাহান শেখ বলেন, ‘সিটি করপোরেশনের ময়লা-আবর্জনা এ্যাহানে জমা করা হবে—এইটুকু আমি জানি।’ স্থানীয় বাসিন্দা মো. হানিফ বলেন, জনবসতিপূর্ণ এলাকায় বর্জ্য স্তূপ করার জন্য সাইনবোর্ড টাঙানো হয়েছে। তবে এই উদ্যোগ বন্ধের জন্য কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়েছে। কিন্তু সিটি করপোরেশন অনুরোধ শুনছে না।
স্থানীয় ব্যবসায়ী মো. শামীম মোল্লা বলেন, সাধারণত সিটি করপোরেশনের বর্জ্য বাইরের স্থানে ফেলা হয়। তবে এক বছর আগে সিটি করপোরেশন এখানে বর্জ্য ফেলার উদ্যোগ নেয়। প্রথম দিকে এলাকাবাসী গণস্বাক্ষর সংগ্রহ করে এর প্রতিবাদ জানান। প্রতিবাদের মুখে ওই উদ্যোগ বন্ধ রাখা হয়েছিল। কয়েক দিন আগে কয়েকটি বসতঘর উচ্ছেদ করে পুনরায় সেখানে কার্যক্রম শুরু করা হয়েছে।
সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কে এম শহীদুল্লাহ বলেন, যেখানে বর্জ্যের স্তূপ করা হবে, তার চারদিকে ঘনবসতি রয়েছে। এখানে চার-পাঁচটি ওয়ার্ডের বর্জ্য ফেলা ঠিক হবে না।
১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মজিবর রহমান বলেন, ‘ওখানে চারতলার সমান উঁচু চোঙ স্থাপন করে তিন-চার ওয়ার্ডের ময়লা ফেলা হবে। পুলিশ কমিশনারসহ স্থানীয় বাসিন্দারা ওখানে ময়লা না ফেলার দাবি জানিয়েছেন। আমিও আপত্তি করেছিলাম। প্রযুক্তিবান্ধব এবং এলাকায় দুর্গন্ধ ছড়াবে না—এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাতে মত দেওয়া হয়েছে।’
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. মোতালেব হোসেন বলেন, বিষয়টি সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দপ্তর বিস্তারিত জানে। প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. মতিউর রহমান প্রথম আলোকে বলেন, ময়লা জমা এবং পরিশোধন করার জন্য নগরের কয়েকটি জায়গা নির্বাচন করা হয়েছে। এগুলো স্বাস্থ্যসম্মত উপায়ে মেশিনের মাধ্যমে করা হবে। প্রকল্পটি যেকোনো স্থানেই করা সম্ভব। তাই মেডিকেলের সামনেও করার পরিকল্পনা রয়েছে। তবে এখনো তা চূড়ান্ত হয়নি।
ছাড়পত্র দেওয়ার বিষয়ে পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুকুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বর্জ্য ব্যবস্থাপনার একটি প্রকল্প বাস্তবায়ন করছে বরিশাল সিটি করপোরেশন। এ জন্য আমাদের কাছে ছাড়পত্র চায়। নির্ধারিত স্থান পরিদর্শন করে এর অবস্থানগত গ্রহণযোগ্যতা না থাকায় প্রতিবেদন আকারে ঢাকার প্রধান কার্যালয়ে সুপারিশের জন্য পাঠানো হয়। প্রধান কার্যালয় বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করে। পরবর্তী সময়ে প্রধান কার্যালয়ের পরামর্শ অনুযায়ী অবস্থানগত ছাড়পত্র দেওয়া হয়েছে। স্থাপনা নির্মাণ এবং পরিবেশের সমস্যা না হলে পরিবেশ ছাড়পত্রও দেওয়া হবে।’