জনবসতির কাছে সিসা কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার গাবতলীতে অনুমোদনহীন কয়েকটি সিসা কারখানায় প্রতিদিন অর্ধশতাধিক নারী-পুরুষ পুরোনো ব্যাটারি ভেঙে খালি হাতে সিসা সংগ্রহের কাজ করছেন। এই কাজ করতে গিয়ে শ্রমিকদের অনেকের হাতে ঘা দেখা দিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, কারখানাগুলোর পাশের জমির ঘাস খেয়ে গবাদিপশু মারা যাচ্ছে। বিষাক্ত সিসা গলানোর সময় এর ধোঁয়া ও দুর্গন্ধ আশপাশের গ্রামগুলোয় ছড়িয়ে পড়ছে। সিসা কারখানাগুলো জনবসতি থেকে আধা কিলোমিটার দূরে অবস্থিত।

চুল্লিতে গলানো সিসা মানবদেহ ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর বলে চিকিৎসক ও পরিবেশবিদেরা জানিয়েছেন। ক্ষতিকর এসব কারখানা বন্ধের দাবিতে সম্প্রতি এলাকাবাসী প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে।

গাবতলী উপজেলার সদর ইউনিয়নের ক্ষিদ্রপেড়ী ও উনচুরকি গ্রামের মাঝে শালমারা-চড়া মাঠে গিয়ে দেখা গেছে, কাঁচা রাস্তা ঘেঁষে দেড় থেকে দুই বিঘা জমির ওপর আধপাকা ১০ থেকে ১২টি বড় ঘর। ঘরগুলোর ভেতরে গড়ে তোলা হয়েছে ৮ থেকে ১০টি কারখানা। কারখানাগুলোয় যান্ত্রিক কোনো কার্যক্রম নেই। পুরোনো ব্যাটারি ভেঙে সিসা সংগ্রহ, বাছাই, চুল্লিতে সিসার প্লেট গলানো, পানিতে ধুয়ে বর্জ্য পরিষ্কার—সবকিছুই করছেন কারখানার শ্রমিকেরা। বেশির ভাগই নারীশ্রমিক। ৮ থেকে ১০ জন কারখানামালিকের অধীনে অর্ধশতাধিক শ্রমিক কাজ করছেন। দিন শেষে তাঁরা মজুরি পান ২০০ থেকে ৩০০ টাকা।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেল, বিষাক্ত সিসা নিয়ে কাজ করতে গিয়ে তাঁদের কারও কারও হাতে ঘা হয়ে গেছে। কেউ কেউ ছোট একটি ডোবায় বিষাক্ত পানিতে নেমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিসা থেকে বর্জ্য আলাদা করছেন। শ্রমিকদের শরীরে নানা সমস্যা দেখা দিলেও চিকিৎসকদের কাছে যাচ্ছেন না কেউ।

রাশেদ আহম্মেদ নামে সিসা কারখানার এক মালিক জানিয়েছেন, সিসা কারখানা আগে বগুড়া শহরের বিসিক এলাকায় ছিল। চার বছর আগে তা গাবতলীতে সরিয়ে আনা হয়। তিনি জানান, এখানে ইসলামের কারখানায় ১০ জন, পুটু মিয়ার কারখানায় আটজন, আবু বক্কর ও রাজু মিয়ার কারখানায় ২০ জন, টুকু মিয়ার কারখানায় ১৫ জন শ্রমিক কাজ করছেন। চালুর অপেক্ষায় রয়েছে আবদুর রশিদসহ আরও কয়েকজনের কারখানা।

অন্য এক কারখানার মালিক আবু বক্কর জানান, এক মণ ব্যাটারি গলিয়ে ২২ কেজি সিসা পাওয়া যায়। সব কটি কারখানায় প্রতি মাসে গড়ে ১০ টন ব্যাটারি গলানো হয়। এতে খরচ বাদে মালিকদের লাভ হয় পাঁচ থেকে ছয় হাজার টাকা। কারখানা চালাতে পরিবেশ অধিদপ্তরের অনুমতি লাগে, সেটা তাঁদের জানা নেই।

কারখানার শ্রমিক দোলেনা বেগম জানান, সিসা গলানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটা কেউ বলেনি। যাঁরা পানিতে সিসা ধোয়ার কাজ করছেন, তাঁদের অনেকের হাতে ঘা হয়ে গেছে।

কারখানার পাশের ক্ষিদ্রপেড়ী গ্রামের লোকজন অভিযোগ করেন, এসব কারখানার চুল্লিতে সিসা গলানোর সময় উৎকট গন্ধ বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে আশপাশের গ্রামে। তখন দুর্গন্ধে টেকা যায় না। অনেকের বমি হয়। কারখানা বন্ধের ব্যবস্থা নিতে এলাকাবাসী গত ২২ এপ্রিল গাবতলীর ইউএনওকে লিখিত অভিযোগ দিয়েছেন।

গাবতলী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুন্নবী প্রামাণিক জানান, তাঁর ইউনিয়নের উনচুরকি গ্রামের বেশকিছু লোক সম্প্রতি অভিযোগ করেছেন, ব্যাটারি কারখানাসংলগ্ন মাঠে ঘাস খেতে যাওয়া বেশকিছু গরু মারা গেছে।

জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর বগুড়ার বিভাগীয় কার্যালয়ের পরিচালক আলী রেজা মজিদ প্রথম আলোকে জানান, ব্যাটারি থেকে সংগৃহীত সিসা চুল্লিতে গলানোর কারণে পরিবেশ মারাত্মক দূষিত হচ্ছে। কারখানা নীতিমালা মেনে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে শুধু লোকালয় থেকে দূরে এ ধরনের সিসা সংগ্রহ করা যেতে পারে। তবে গাবতলীতে সিসা গলানোর কোনো কারখানার অনুমোদন দেওয়া হয়নি।