জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, সরকারি কর্মকমিশন (পিএসসি) একুশ শতকের উপযোগী যোগ্য ও মেধাবী লোকবল বাছাই করবে। অধিকতর দক্ষ, সৎ ও মেধাবী লোকবল বাছাইয়ের দায়িত্ব পিএসসির।
প্রধানমন্ত্রী গতকাল বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির নবনির্মিত ভবন উদ্বোধনকালে এ কথা বলেন। পিএসসির চেয়ারম্যান এ টি আহমেদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম ও পিএসসির সচিব চৌধুরী মোহাম্মদ বাবুল হাসান। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, অতীতে প্রশ্নপত্র ফাঁস, দলীয় লোকজন নিয়োগ দেওয়াসহ বিভিন্ন কেলেঙ্কারির কারণে পিএসসির মর্যাদা ক্ষুণ্ন হয়েছিল। বিএনপি-জামায়াতের শাসনামলে বহু যোগ্য প্রার্থী তাঁদের প্রত্যাশিত সরকারি চাকরি লাভ থেকে বঞ্চিত হয়েছেন। বিএনপি-জামায়াত সরকার হাওয়া ভবন প্রতিষ্ঠার মাধ্যমে সরকারি কর্মকর্তা নিয়োগে কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করেছিল। ওই সময় পিএসসির বিরুদ্ধে বারবার প্রশ্নপত্র ফাঁস এবং হাওয়া ভবন থেকে পাঠানো তালিকা অনুযায়ী লোকবল বাছাইয়ের অভিযোগ ছিল।
শেখ হাসিনা বলেন, ‘বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। কাজেই আমাদের লক্ষ্য, তাদের বিভিন্ন সমস্যার সমাধান এবং একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনের মাধ্যমে জনগণের সেবা করা। এ লক্ষ্য অর্জনে সবাইকে একযোগে কাজ করতে হবে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো পিএসসিকেও শক্তিশালী করা হয়েছে। সরকার কমিশনকে পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করার অধিকার দিয়েছে। শেখ হাসিনা বলেন, ‘আমরা হাওয়া ভবনের মতো কোনো ভবন সৃষ্টি করিনি। কোনো তালিকা পাঠানোর প্রয়োজনও আমাদের নেই।’ তিনি আরও বলেন, তাঁর সরকার ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত সরকারি চাকরিতে দুই লাখ ৫২ হাজার পদ সৃজন করেছে এবং সরকারি কর্মচারীদের অবসরের বয়সসীমা ৫৭ থেকে ৫৯ বছরে এবং মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়সসীমা ৫৯ থেকে ৬০-এ উন্নীত করেছে।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭২ সালে সরকারি কর্মকমিশন প্রতিষ্ঠার প্রায় ৪০ বছর পর পিএসসি আগারগাঁওয়ে এর নিজস্ব ভবনে স্থানান্তরিত হয়েছে।
শেখ হাসিনা ফলক উন্মোচন করে নবনির্মিত পিএসসি ভবন উদ্বোধন করেন। গণপূর্ত বিভাগ (পিডব্লিউডি) ৪০ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করেছে। প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে পিডব্লিউডি ১২ তলা বাংলাদেশ সরকারি কর্মকমিশন ভবনের চতুর্থ থেকে অষ্টম তলার নির্মাণকাজ শেষ করেছে। ফলক উন্মোচনের আগে শেখ হাসিনা আগারগাঁওয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি কাউন্সিলিং ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।