জনবান্ধব সাংবাদিকতায় পথিকৃৎ ছিলেন বজলুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বজলুর রহমান
বজলুর রহমান

ব্যক্তিজীবনে বজলুর রহমান মিতবাক, নম্র, বিনয়ী হলেও অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা এবং সাংবাদিকতায় দায়িত্বশীলতার বিষয়ে ছিলেও আপসহীন। এ দেশে জনবান্ধব সাংবাদিকতার ক্ষেত্রে তিনি ছিলেন পথিকৃৎ।
আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা মিলনায়তনে সংবাদ সম্পাদক প্রয়াত বজলুর রহমানের ৭৪তম জন্মদিনের আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজক ছিল বজলুর রহমান ফাউন্ডেশন। আয়োজকরা জানান, বজলুর রহমানের জন্মদিন ৩ আগস্ট হলেও নানা কারণে আজ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিশু সংগঠক হিসেবে বজলুর রহমান নিজেকে ঈর্ষণীয় অবস্থানে নিয়ে গিয়েছিলেন উল্লেখ করে সাবেক সাংসদ পান্না কায়সার বলেন, খেলাঘরের সবার প্রিয় ‘ভাইয়া’ হিসেবে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। সাংবাদিকতা, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি দেশ-মাটি মানুষের কথা ভেবে নিজেকে সব সময়ই দেশের কল্যাণে নিয়োজিত রেখেছেন তিনি।
সভাপতির বক্তব্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহীম খালেদ বলেন, অর্থনীতির ছাত্র হওয়ার কারণে বজলুর রহমানের লেখায় অর্থনীতি বড় জায়গা করে নিয়েছিল। সাধারণ মানুষের জন্য খুবই সহজ ভাষায় অর্থনীতির বিষয়গুলো তিনি তুলে ধরেছেন।

বাংলাদেশ ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নর আরও বলেন, সব ধরনের ভয়-ভীতির ঊর্ধ্বে উঠে সময়ের প্রয়োজনে সত্যি কথা বলতে তিনি কখনো দ্বিধা করতেন না।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু সাংবাদিকতা নয়, সব ক্ষেত্রেই বজলুর রহমানের বিচরণ ছিল। বর্তমান সময়ে তাঁর মতো স্পষ্টভাষী ও আপসহীন সাংবাদিকের প্রয়োজন ছিল।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনিরুজ্জামান, ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন, সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরী প্রমুখ। আলোচনা শেষে শিশু-কিশোরেরা মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

প্রয়াত বজলুর রহমানের সহধর্মিণী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ সময় দর্শক সারিতে উপস্থিত ছিলেন।