তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করে তাঁদের মতামত নিয়েই আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তিনি এ জন্য তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে দলীয় সাংসদদের দূরত্ব মিটিয়ে ফেলার নির্দেশ দেন। তিনি বলেন, জনবিচ্ছিন্ন ও প্রশ্নবিদ্ধ কাউকে মনোনয়ন দেওয়া হবে না।গণভবনে গতকাল মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের সংসদীয় দলের রুদ্ধদ্বার বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, সাংসদদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সাংসদেরা আগামী নির্বাচনেও যে মনোনয়ন পাবেন, তা ভাবলে ভুল করবেন। সবার কর্মকাণ্ডের ফিরিস্তি আমার হাতে আছে। এলাকায় যোগাযোগ, জনসংযোগ বাড়ান। সরকারের উন্নয়ন ও সফলতা জনগণের সামনে তুলে ধরুন। পাশাপাশি বিএনপি-জামায়াত জোটের দুর্নীতি, সন্ত্রাস ও অপকর্মগুলো প্রচার করুন। তৃণমূল নেতাদের সঙ্গে আমার বৈঠক চলছে। শিগগিরই উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গেও বৈঠক করব।’বৈঠক সূত্র জানায়, বৈঠকে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘স্থানীয় নির্বাচনের ফলাফল নিয়ে হতাশার কিছু নেই। সাড়ে চার বছরে আমরা দেশের যে উন্নয়ন করেছি, জনগণ অবশ্যই আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করবে।’ সিটি নির্বাচন থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। দলের বিজয় নিশ্চিত করতে হবে।বৈঠকে কী বক্তব্য দিয়েছেন, জানতে চাইলে চট্টগ্রামের সাংসদ সামসুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বৈঠকে বলেছি, দলের কথা সবাই না বলে একজন বললে ভালো হয়। দলের হয়ে একজনই কথা বলুক, যিনি আমাদের দলের মুখপাত্র।’ বৈঠকে মোশাররফ হোসেন, সোহরাব আলী, মহসিন আলী, আবুল কাসেম প্রমুখ বক্তব্য দেন।প্রধানমন্ত্রীর সূচনা বক্তব্য: বৈঠকের শুরুতে সরকারের শেষ সময়ে ‘রাজনৈতিক দলগুলো দুর্নীতির সঙ্গে যুক্ত’—টিআইবির এই প্রতিবেদনের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, এই সময়ে এসে এটা বলা উদ্দেশ্যমূলক। দেশের উন্নয়নসহ যেকোনো সিদ্ধান্ত ‘রাজনৈতিকভাবে’ হয় উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতা এসেছে রাজনৈতিক সিদ্ধান্তে।রাজনৈতিক দলকে হেয় করে কারা ক্ষমতায় আসে—এ প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, আসসালামু আলাইকুম। আজ থেকে আমি ক্ষমতায়—এ কথা বলে ক্ষমতা দখল করা হয়। ইয়াহিয়া থেকে শুরু করে জিয়া আর এরশাদ সবাই এভাবেই ক্ষমতায় এসেছেন। জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দল এবং এইচ এম এরশাদের জাতীয় পার্টি গঠনের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, রাজনীতিবিদদের গালি দিয়ে তাঁরা নিজেরাই রাজনীতি শুরু করে দেন। তিনি আরও বলেন, ‘দোষ-গুণ সবার আছে। আমরা অন্যায়কে প্রশ্রয় দিই না। অন্যায় দেখলে ব্যবস্থা নিই।’অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, সেভাবেই আগামী নির্বাচন অনুষ্ঠানের কথা আবারও উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আগামীতে যেন আর নির্বাচন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা না হয়। সুষ্ঠু ধারায় যেন নির্বাচন হয়। সংবিধানের ধারাবাহিকতায় ভোট হবে। জনগণ যাকে ভোট দেবে, সে দেশ চালাবে।